সশস্ত্র বাহিনী প্রস্তুত অবস্থায়ই থাকবে: ভারত
পাহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতের প্রতিক্রিয়া ‘পরিমিত’ ও ‘খুব দায়িত্বশীল’ ছিল বলে দাবি করেছেন দেশটির এক সামরিক কর্মকর্তা।
নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে হওয়া অস্ত্রবিরতি দৃঢ়ভাবে মেনে চললেও ভারতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ‘পুরোপুরি প্রস্তুত’ এবং ‘সদা-সতর্ক’ থাকবে আর পাকিস্তান যদি ভবিষ্যতে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে তবে ‘চূড়ান্ত প্রতিক্রিয়ার’ মুখোমুখি হবে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ভারত অস্ত্রবিরতির সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণের মধ্যে সরকারি এক ব্রিফিং চলাকালে ভারতীয় নৌবাহিনীর কমোডোর রঘু আর নায়ার বলেন, “আজ পৌঁছানো বোঝাপড়া আমরা দৃঢ়ভাবে মেনে চলবো, তবে পুরোপুরি প্রস্তুত অবস্থায় থাকা বজায় রাখবো ও সদা-সতর্ক থাকবো এবং মাতৃভূমির সার্বভৌমত্ব ও অখণ্ডতা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। পাকিস্তানের প্রতিটা দুঃসাহস শক্তির সঙ্গে মোকাবেলা করা হয়েছে এবং ভবিষ্যতের প্রতিটি বাড়াবাড়ি একটি চূড়ান্ত প্রতিক্রিয়াকে আমন্ত্রণ জানাবে। আমাদের জাতির প্রতিরক্ষায় যেকোনো ধরনের অভিযানের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছি।”
এর আগে নায়ার জানান, পাহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকে ভারতের প্রতিক্রিয়া ‘পরিমিত’ ও ‘খুব দায়িত্বশীল’ ছিল।
পাকিস্তান প্রচুর ‘ভুল তথ্য’ প্রচার করেছে বলে দাবি করেছেন ভারতীয় এই সামরিক কর্মকর্তা।
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কোরেশি বলেছেন, পাকিস্তান দাবি করেছে তাদের জেএফ-১৭ যুদ্ধবিমান ভাতের এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতিসাধন করেছে।
“এটি সম্পূর্ণ ভুল,” দাবি করেছেন তিনি।
তিনি বলেন, “পাকিস্তান অভিযোগ করেছে, ভারতীয় বাহিনী মসজিদের ক্ষতিসাধন করেছে। এটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। আমরা স্পষ্ট করি, ভারত একটি সেক্যুলার রাষ্ট্র এবং আমাদের বাহিনী আমাদের সাংবিধানিক মূল্যবোধ প্রতিফলিত করে।
“ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তনের স্থল ও বিমান সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। ভারতের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত, সতর্ক এবং ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।”
ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং ফের উল্লেখ করেন যে ভারতের সামরিক অভিযানগুলোতে শুধু ‘সন্ত্রাসী শিবির’ এবং যে সব স্থাপনা ‘ভারতবিরোধী তৎপরতায়’ ব্যবহার করা হতো শুধু সেগুলোকে লক্ষ্যস্থল করা হয়েছে।
