ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর আরো ৪ সদস্য নিহত
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর দেড় শতাধিক সদস্য নিহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েলে খবর প্রকাশ পেয়েছে।
লেবাননের সীমান্তবর্তী গ্রাম নাকুরায় ইসরায়েলের একটি আকাশ হামলায় হিজবুল্লাহর চার সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠনটি।
বুধবার রাতে হিজবুল্লাহর পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মানার নিহত চারজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ‘শহীদ’ বলে বর্ণনা করেছে। নিহতদের মধ্যে স্থানীয় কর্মকর্তা হুসেইন ইয়াজবেকও রয়েছেন।
লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি থেকে ওই হামলার বিষয়ে বলা হয়, ইসরায়েলের যুদ্ধবিমান থেকে একটি তিনতলা ভবনে বোমা বর্ষণ করা হয়। হামলায় ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এ ঘটনায় আরো নয় বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
দ্য টাইমস অব ইসরায়েল থেকে বলা হয়, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর দেড় শতাধিক সদস্য নিহত হয়েছে।
লেবাননের দক্ষিণ সীমান্ত দিয়ে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের নিয়মিত গোলো বিনিময় হয়।
তবে ইসরায়েল থেকে লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় সর্বশেষ এই আকাশ হামলার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে বুধবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। যেখানে দেখা যায় তারা লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ভিডিওতে বেশ কয়েকটি ভবনে হামলা হতে দেখা যায়।
