রাশিয়াকে সহায়তাকারী ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করছে যুক্তরাজ্য
নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন রাশিয়াকে উল্লেখযোগ্য সহায়তা করা বা ঋণী ব্যক্তিরাসহ রুশ সরকারের শীর্ষ পর্যায় সংশ্লিষ্ট ব্যক্তিরাও।
নতুন নিষেধাজাজ্ঞার আওতায় রাশিয়াকে উল্লেখযোগ্য সহায়তা করা বা রাশিয়ার কাছে ঋণী ব্যক্তিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাজ্য।
ইউক্রেইন যুদ্ধে তিনবছর পূর্তিতে সোমবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। তাছাড়া, রাশিয়া সরকারের শীর্ষ পর্যায় সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
এই ব্যক্তিদের মধ্যে থাকতে পারেন কয়েকজন ঊর্ধ্বতন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী।
রুশ যে ‘অভিজাত’ ব্যক্তিরা’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন দিচ্ছেন তাদের বিরুদ্ধে আগে থেকেই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা কার্যকর আছে। এর সম্পূরক হিসেবেই নতুন ওই নিষেধাজ্ঞা ঘোষণা করছে যুক্তরাজ্য।
ব্রিটিশ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিস বলেছেন, মস্কোয় পুতিনের বন্ধুদের জন্য তার সহজ বার্তা হল: “আপনাদেরকে যুক্তরাজ্যে স্বাগত জানানো হবে না।”
এক বিবৃতিতে জার্ভিস বলেন, “আজ যে নিষেধাজ্ঞা ঘোষণা হচ্ছে তাতে ওই সব অভিজাত ব্যক্তিদের জন্য যুক্তরাজ্যের দুয়ার বন্ধ হবে, যারা রুশ জনগণের মূল্যে এবং অবৈধ ও অন্যায্য যুদ্ধে অর্থায়নের মধ্য দিয়ে নিজেরা আরও ধনী হয়েছেন।”
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার ওয়াশিংটনে যাবেন ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে। তার আগে সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ হোয়াইট হাউজে যাবেন।
ইউরোপীয় এই দুই নেতাই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে তাড়াহুড়া না করতে যে কোনও মূল্যে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা প্রক্রিয়ায় ইউরোপকে রাখতে তারা ট্রাম্পকে আহ্বান জানাতে পারেন। সেইসঙ্গে ইউক্রেইনকে সামরিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া নিয়েও তাদের মধ্যে আলোচনা হতে পারে।
