Published : 09 Jun 2026, 09:42 PM
লেবাননে হামলা চললে ইসরায়েলে আগের চেয়েও কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে ইরানের হুঁশিয়ারির পরও দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে মঙ্গলবার সকালে ইসরায়েলের এই বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে।
এর আগে হামলার সম্ভাবনার কথা জানিয়ে তায়ের এবং এর আশেপাশের এলাকার বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। এই নির্দেশের কয়েক ঘণ্টা পরই হামলা চালানো হয়।
এর ফলে ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা আরও বাড়ার পাশাপাশি পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধের চেষ্টা ফের ব্যাহত হল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অবশ্য এখনও লেবাননের ওই এলাকায় বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করে জানায়নি। তবে লেবাননের রাষ্ট্রপরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তায়ের নগরীতে ‘ভারি বিমান হামলা’ চালিয়েছে।
লেবাননের গণমাধ্যমে স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশের দক্ষিণে ইসরায়েলের এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩২ জন আহত হওয়ার খবর জানানো হয়।
লেবাননে এই হামলার আগে দিন সোমবারেই ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে বলে জানায়। তবে তারা সতর্ক করে দিয়ে এও বলেছিল যে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকলে তেহরান আগের চেয়েও আরও কঠোর ও দাঁতভাঙা জবাব দেবে।
তবে ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, সেনাবাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা চালিয়ে যাবে এবং ইসরায়েল আক্রান্ত হলে বৈরুতেও হামলা চলবে।
তায়ের নগরীতে হামলা চালিয়ে ইসরায়েল তাদের এই অনড় অবস্থানই জানান দিল। হামলায় কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে দেখা গেছে ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে।
লেবাননে ইরান-সমর্থিত প্রতিরোধ শক্তি হিজুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে ভাষ্য ইসরায়েলের।
তায়ের লেবাননের সবচেয়ে বড় নগরীগুলোর একটি। এই নগরী এবং এর আশেপাশের এলাকায় ঘাঁটি গেড়েছে হিজবুল্লাহ। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ)- এর তিনটি আনুষ্ঠানিক শরণার্থী শিবিরও আছে এই নগরীতে।