৪৪ বছর পর মেয়েকে ফিরে পেলেন মা
বাড়ির কাছ থেকে মেয়েকে অপহরণ করে অনাথ আশ্রমে নেওয়া হয়। তারপর অবৈধভাবে তাকে যুক্তরাষ্ট্রে দত্তক দেওয়া হয় বলে অভিযোগ দক্ষিণ কোরীয় এই মায়ের।
হান তায়ে-সুনের মনে পড়ে, ১৯৭৫ সালের মে মাসে সিউলে তাদের বাড়িতে শেষবারের মতো তিনি তার কন্যাশিশু কায়ুং-হা কে দেখেছিলেন।
হান তায়ে-সুন তার মেয়েকে বলেছিলেন, “আমি বাজারে যাচ্ছি। তুমি যাবে?” মেয়ে কিয়ং-হা তখন বলেছিল, “না, আমি বন্ধুদের সঙ্গে খেলতে যাচ্ছি।”
সেটিই ছিল শেষ কথা। হান তায়ে-সুন বাজার থেকে ফিরে আসার পর মেয়েকে আর খুঁজে পাননি। এরপর কেটে গেছে ৪৪ বছর। শেষ পর্যন্ত মা ও মেয়ে একে অপরকে খুঁজে পান।
তবে এবার মেয়েটি আর ছোট্ট কিয়ং-হা ছিল না, বরং তখন সে একজন মধ্যবয়সী আমেরিকান নারী। নামও বদলে ফেলেছেন। তার নাম এখন লরি বেন্ডার।
হান তায়ে-সুনের অভিযোগ, তার মেয়েকে বাড়ির কাছ থেকে অপহরণ করে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর অবৈধভাবে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
সেখানে আরেক পরিবারে সে বেড়ে উঠেছে। তায়ে-সুন এখন দক্ষিণ কোরিয়া সরকারের বিরুদ্ধে মামলা করছেন। তার অভিযোগ, সরকার তার মেয়েকে অবৈধভাবে দত্তক নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছে।
তায়ে-সুন সেই শত শত মানুষেরই একজন, যারা দক্ষিণ কোরিয়ার বিতর্কিত আন্তর্জাতিক দত্তক প্রক্রিয়ায় জালিয়াতি, অপহরণ, মানব পাচার ও বেআইনি দত্তক নেওয়ার অভিযোগ নিয়ে সম্প্রতি কয়েক বছরে সামনে এসেছেন।
বিশ্বে একমাত্র দক্ষিণ কোরিয়াই দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক শিশুকে বিদেশে দত্তক দিয়েছে। ১৯৫০-এর দশক থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় প্রায় ১ লাখ ৭০ হাজার থেকে ২ লাখ শিশুকে বিদেশে পাঠানো হয়েছে এবং এদের বেশির ভাগই পশ্চিমা দেশগুলোতে গেছে।
বিবিসি জানায়,তায়ে-সুনের মামলাটি আগামী মাসে আদালতে উঠবে। এই মামলা দুটি মাইলফলক মামলার মধ্যে একটি। কারণ, তিনিই প্রথম বিদেশে দত্তক নেওয়া একজন সন্তানের জৈবিক মা, যিনি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছেন।
এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে দত্তক থাকা এক ব্যক্তি প্রথম এ ধরনের মামলা করেছিলেন।
দক্ষিণ কোরিয়া সরকারের একজন মুখপাত্র বলেছেন, “যারা ও যেসব পরিবার এতদিন ধরে একে অপরকে খুঁজে পায়নি তাদের আবেগতাড়িত কষ্টের জন্য সরকার গভীর সহানুভূতি প্রকাশ করছে।
“তায়ে-সুনের মামলাটি সরকার ‘গভীর অনুতাপের সঙ্গে বিবেচনা করছে’ এবং মামলার রায় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
৭১ বছর বয়সী তায়ে-সুন বিবিসি-কে বলেন, তিনি চান সরকার যেন এর দায় নেয়। কারণ, তিনি বলেন, “৪৪ বছর ধরে আমি আমার শরীর, মনকে ধ্বংস করে মেয়েকে খুঁজেছি। কিন্তু একবারও কি কেউ আমার কাছে ক্ষমা চেয়েছে? না কেউ না, একবারও না।”
বছরের পর বছর ধরে তায়ে-সুন ও তার স্বামী পুলিশ স্টেশন, অনাথ আশ্রমে মেয়ের খোঁজ করেছেন। লিফলেট ছড়িয়েছেন। টিভিতে গিয়ে মেয়ের খোঁজ পাওয়ার আবেদন করেছেন।
তায়ে-সুন বলেন, রাস্তায় ঘুরে ঘুরে মেয়েকে খুঁজতে গিয়ে তার পায়ের দশটি আঙুলের নখ ক্ষয়ে গেছে।
টিভিতে তথ্যের জন্য আবেদনের প্রেক্ষিতে ১৯৯০ সালে তায়ে-সুন এক নারীর দেখা পান। ভেবেছিলেন তিনি মেয়েকে খুঁজে পেয়েছেন। ওই নারীকে ঘরে এনেও রেখেছিলেন কিছুদিন।
কিন্তু পরে সেই নারী স্বীকার করেন, তিনি কিয়ং-হা নন। অবশেষে ২০১৯ সালে সাফল্য আসে। তায়ে-সুন ‘৩২৫ কামরা’ নামের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন, এই সংস্থার কাজ ছিল- বিদেশে দত্তক দেওয়া কোরীয়দের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদেরকে তাদের আসল বাবা-মায়েদের সঙ্গে মিলিয়ে দেওয়া।
কিছুদিনের মধ্যেই সংস্থাটি জানায়, ডিএনএ’র মিল পাওয়া গেছে ক্যালিফোর্নিয়ার এক নার্সের সঙ্গে। তার নাম লরি বেন্ডার।
টেলিফোনে কয়েকদফা কথা হওয়ার পর লরি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যান তায়ে-সুনের সঙ্গে দেখা করতে। এরপর বিমানবন্দরে আবেগঘন পুনর্মিলনে মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন।
কিয়ং-হা তার অনুভূতি প্রকাশ করে এক সাক্ষাৎকারে বলেছেন, “মনে হল বুকের একটা ফাঁকা জায়গা পূরণ হয়ে গেছে। নিজেকে এখন একজন সম্পূর্ণ মানুষ বলে মনে হচ্ছে।
১৯৭৫ সালের সেই দিনে কি ঘটেছিল সেই কাহিনীও বর্ণনা করেন কিয়ং-হা। তিনি বলেন, তখন তার বয়স ছিল ৬ বছর। বাড়ির কাছে খেলছিলেন।
হঠাৎ এক অচেনা নারী উপস্থিত হয়ে বলেন, তার মা আর তাকে আর চান না। এরপর তাকে ট্রেন স্টেশনে নিয়ে গিয়ে ট্রেনে তোলা হয়। গন্তব্যে পৌঁছে ছেড়ে দেওয়া হয়।
সেখান থেকে এক পুলিশ তাকে নিয়ে অনাথ আশ্রমে পাঠায়। এরপরই তাকে যুক্তরাষ্ট্রের এক দম্পতির কাছে দত্তক দেওয়া হয়।
অনেক বছর পর জানা যায়, তার নামে তৈরি কাগজপত্রে মিথ্যা করে লেখা ছিল যে, সে এক পরিত্যক্ত শিশু, যার বাবা-মা’র কোনও হদিস নেই।
“এটি ছিল একটা ভুয়া জীবন কাটানোর মতো ব্যাপার। যেখানে আপনি যা জানেন, সবই ভুল,” বলেন কিয়ং-হা।
