২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭ জনের মৃত্যুদণ্ডের সাজা কমালেন বাইডেন, ক্ষমা পায়নি তিনজন

এর আগে এ মাসের শুরুর দিকে ৩৫ জনের সাজা মওকুফ এবং ১ হাজার ৫০০ জনের সাজার মেয়াদ কমিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 08:38 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪০ জনের মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করেছেন। বাকি তিনজনের মৃত্যুদণ্ড বাতিল করেননি তিনি। এই তিনজন হলেন: ডাইলান রুফ, জোখার সারনায়েভ এবং রবার্ট বাউয়ার্স।

২০১৩ সালে বোস্টন ম্যারাথনে প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিলেন সারনায়েভ। ২০১৮ সালে পিটসবার্গের ট্রি অব লাইফ সিনাগগে আরেক প্রাণঘাতী বন্দুক হামলা চালান রবার্ট বাউয়ার্স। আর এর আগে ২০১৫ সালে ডাইলান রুফ ক্যারোলাইনায় বর্ণবাদী হামলা চালিয়ে ৯ কৃষ্ণাঙ্গকে হত্যা করেছিলেন।

বাইডেন বলেছেন, “আমি এই হত্যাকারীদের নিন্দা জানাই। তাদের কর্মকাণ্ডের কারণে ভুক্তভোগীদের জন্য দুঃখ বোধ করি। যে পরিবারগুলো অকল্পনীয়, অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে তাদের জন্য বেদনা অনুভব করি।”

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগে বিদায়ী প্রেসিডেন্ট একের পর এক বন্দি এবং সাজাপ্রাপ্তদের ক্ষমার পদক্ষেপ নিচ্ছেন। 

এর আগে এ মাসের শুরুর দিকে বাইডেন অহিংস অপরাধে দোষী সাব্যস্ত ৩৯ জনকে ক্ষমা করেন এবং দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত ১ হাজার ৫০০ জনের সাজার মেয়াদ কমান।

সে ধারাবাহিকতায়ই সোমবার বড়দিনকে সামনে রেখে মৃত্যুদন্ডপ্রাপ্তদের সাজা কমানোর এই পদক্ষেপ নিয়েছেন বাইডেন। তার সাজা কমানোর সিদ্ধান্তের ফলে ৩৭ জন প্যারোল ছাড়া জীবনের বাকি সময় কারাগারেই কাটাবেন।

ট্রাম্প এর আগের মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময়ে কেন্দ্রীয় সরকারের মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা নতুন করে চালু করেছিলেন। তবে বাইডেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচার চালিয়ে এসেছেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, “কেন্দ্রীয় পর্যায়ে মৃত্যুদণ্ড বন্ধ হতে হবে- এ ব্যাপারে তিনি আগের যে কোনও সময়ে আরও বেশি বদ্ধপরিকর।”

৩৯ জনকে ক্ষমা, ১,৫০০ জনের সাজা কমালেন বাইডেন