১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের শুল্ক বাতিলের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা পেছাল ভারত

দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ভারতীয় প্রতিনিধিদলের রোববারই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।

ট্রাম্পের শুল্ক বাতিলের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা পেছাল ভারত
যুক্তরাষ্ট্র ও ভারতের পতাকা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 08:42 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর দেখা দেওয়া অনিশ্চয়তার কারণে ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে ভারত।

রোববার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় ঘিরে এশিয়ার দেশগুলো প্রথম যে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখিয়েছে, তার মধ্যে আছে ভারতের এই পদক্ষেপ।

আদালতের রায়ের পর শনিবার ট্রাম্প সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর আইনত সর্বোচ্চ ১৫ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যে আইনের আওতায় এই শুল্কারোপের ঘোষণা দেওয়া হয়েছে, তাতে এটিই সর্বোচ্চ সীমা।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, “উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর সফর পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সফরের নতুন কোনও তারিখ এখনও চূড়ান্ত হয়নি।” 

মূলত শুক্রবার আদালতের রায়ের পর শুল্ক নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

উভয় দেশের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে প্রতিনিধি দলটির রোববারই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। 

রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনাকে কেন্দ্র করে ওয়াশিংটন কিছু ভারতীয় পণ্যের ওপর যে ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল, একটি কাঠামোর আওতায় তা কমিয়ে আনার বিষয়ে দুই দেশ একমত হয়েছিল।

পরিকল্পিত ওই চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনার কথা ছিল। বিনিময়ে ভারত আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, উড়োজাহাজ ও যন্ত্রাংশ, মূল্যবান ধাতু এবং প্রযুক্তিপণ্যসহ মোট ৫০০ বিলিয়ন (৫০ হাজার কোটি) ডলারের পণ্য আমদানিতে রাজি হয়েছিল।

তবে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এই অন্তর্বর্তী চুক্তিটি স্থগিত রাখার দাবি জানিয়েছিল। আদালতের রায়ের আগেই যৌথ বিবৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দলটি চুক্তিটি পুনর্মূল্যায়নের আহ্বান জানায় তারা।

গত শনিবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, তারা মার্কিন আদালতের রায় এবং পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের ঘোষণার প্রভাব খতিয়ে দেখছে। 

এর আগে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছিলেন, প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরে অমীমাংসিত বিষয়গুলো মিটে গেলে এপ্রিল থেকে এই চুক্তি কার্যকর হতে পারে।