১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্যালিফোর্নিয়া দাবানল: ইতালি সফর বাতিল করলেন বাইডেন

পাঁচটি দাবানলের মোকাবেলা করতে গিয়ে ব্যবহারযোগ্য সম্পদের ওপর চাপ পড়ছে এবং পানি সরবরাহ শেষ সীমায় গিয়ে ঠেকছে।

ক্যালিফোর্নিয়া দাবানল: ইতালি সফর বাতিল করলেন বাইডেন
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 03:23 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নিয়ন্ত্রণহীন দাবানলে পুড়তে থাকায় প্রেসিডেন্ট জো বাইডেন তার আসন্ন ইতালি সফর বাতিল করেছেন, জানিয়েছে হোয়াইট হাউজ। 

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর জানায়, ইতালি সফরের বদলে প্রেসিডেন্ট বাইডেন ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোর বিষয়ে ফেডারেল কর্তৃপক্ষের পূর্ণ সাড়ার দিকটিতে মনোযোগ দিতে চান।  

রয়টার্স জানায়, ইতালিতে বাইডেনের এই সফরের ঘোষণা ডিসেম্বরেই ঘোষণা করেছিল হোয়াইট হাউজ। তখন তারা জানিয়েছিল, বাইডেন ৯ থেকে ১২ জানুয়ারি ইতালি সফর করবেন আর এ সময় তিনি পোপ ফ্রান্সিস, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। 

কিন্তু বুধবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, "আজ সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে আসার পরে প্রেসিডেন্ট বাইডেন সামনের দিনগুলোতে পূর্ণ ফেডারেল রেসপন্স তদারকির দিকে মনোযোগ দিতে তার আসন্ন ইতালি সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। 

বুধবার সকালে বাইডেন ক্যালিফোর্নিয়া গিয়ে ওই এলাকায় ছড়িয়ে পড়া ঐতিহাসিক দাবানলের বিরুদ্ধে লড়াইরাত পুলিশ, দমকল ও জরুরি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অঙ্গরাজ্যটিতে একটি ‘বড় ধরনের বিপর্যয় চলছে’, এমন ঘোষণার অনুমোদন দিয়েছেন; জানিয়েছে হোয়াইট হাউজ।   

মঙ্গলবার শুষ্ক আবহাওয়ার মধ্যে ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হওয়ার পর থেকে প্রায় বাধাহীনভাবে ছড়িয়েছে। এখন পর্যন্ত অন্তত পাঁচটি দাবানলের মধ্যে বড় দু’টি লস অ্যাঞ্জেলেস শহরকে প্রায় ঘিরে ধরেছে। এর একটিতে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের। 

হারিকেনের শক্তি নিয়ে বইতে থাকা জলীয়বাষ্পহীন বাতাসের তোড়ে আগুন আরও প্রবল হয়ে উঠছে। এসব দাবানল ঠেকানো ক্যালিফোর্নিয়ার দমকল ও জরুরি বিভাগের কর্মীদের জন্য অসম্ভব হয়ে উঠেছে। তাদের প্রচেষ্টা জোরদার করতে আশাপাশের ছয়টি অঙ্গরাজ্যের দমকল ও জরুরি বিভাগের কর্মীরা ক্যালিফোর্নিয়ার গিয়ে জড়ো হচ্ছেন।  

পাঁচটি দাবানলের মধ্যে তিনটি পুরোপুরি বাধাহীনভাবে ছড়াচ্ছে। এদের একটি লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলস আবাসিক এলাকায়ও ছড়িয়েছে। এই এলাকায় হলিউডের অনেক চলচ্চিত্র তারকার বাড়ি আছে। দাবানলে প্যারিস হিলটনের মতো নামি তারকাও বাড়ি হারিয়েছেন বলে বিবিসি জানিয়েছে। 

এ পরিস্থিতিতে এক লাখ ৩৭ হাজারেরও বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলের মোকাবেলা করতে গিয়ে ব্যবহারযোগ্য সম্পদের ওপর চাপ পড়ছে এবং পানি সরবরাহ শেষ সীমায় গিয়ে ঠেকছে বলে রয়টার্স জানিয়েছে।