যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংস’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিধ্বস্ত হয়েছে। তবে এতে ইরানের সেনা বা বেসামরিক মানুষ হতাহত হয়নি- বলেন পিট হেগসেথ
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর পেন্টাগনে ব্রিফিং সংবাদ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
শুরুতেই তিনি জানান, শনিবার রাতের হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ‘হ্রাস’ এবং ‘ধ্বংস’ করার পরিকল্পনা নিয়েই চালানো হয়েছিল।
এ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিধ্বস্ত হয়ে গেছে বলে দাবি করেন হেগসেথ। তবে এতে ইরানের সেনা বা বেসামরিক মানুষ হতাহত হয়নি বলেও জানান তিনি।
হেগসেথ বলেন, “অনেক প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন। কিন্তু ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেননি।
সেকারণে ইরানে এই অভিযানকে ‘সাহসী ও দুর্দান্ত’ বলে বর্ণনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
হেগসেথ আরও বলেন, “যখন প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন, তখন বিশ্বের তা শোনা উচিত। যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনও দেশই একাজ করতে পারত না।”
ইরান পাল্টা আঘাত হানলে আরও বেশি শক্তি দিয়েই তা মোকাবেলা করা হবে বলেও সতর্ক করেছেন পিট হেগসেথ।
গত রাতে ট্রাম্পের একটি স্যোশাল মিডিয়া পোস্ট পড়ে শুনিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কোনও পারমাণবিক অস্ত্র নয়, তিনি শান্তি চান। ইরানের সে পথই অবলম্বন করা উচিত।”
