২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান-ইসরায়েল আরও পাল্টাপাল্টি হামলা, জাতিসংঘের উদ্বেগ

দুই দেশের চলমান সংঘাতে এই নতুন মাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

ইরান-ইসরায়েল আরও পাল্টাপাল্টি হামলা, জাতিসংঘের উদ্বেগ
ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 01:06 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

ইরান ও ইসরায়েল একে অপরের দিকে আরও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে।  বুধবার রাতে ইসরায়েলের সেনাবাহিনী ইরানে আরও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে।

ওদিকে, ইরানও নতুন করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে। ইরানের গণমাধ্যম একথা জানিয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা সফলভাবে ভেদ করে গেছে বলে ইরান দাবি করেছে।

তবে ইসরায়েলের সেনাবাহিনী এ ধরনের হামলা হওয়ার কথা স্বীকার করেনি। উল্টো বলেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে নিজেদের ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

দৈনিক ব্রিফিংয়ে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) তেহরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মজুত কেন্দ্রগুলোর ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর জানায়।

তাছাড়া, এর আগের রাতে তিন ঘণ্টা ধরে তিন দফা হামলায় ইসরায়েলের সেনারা ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন স্থল ধ্বংস করেছে বলেও জানায় আইডিএফ।

ইসরায়েল গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালানোর পর ছয় দিন ধরে দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা চলছে।

দুই দেশের এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, সংঘাত বাড়তে থাকলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

বুধবার গুতেরেসের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি একথা বলেন। তিনি আবারও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রায় গড়ানোয় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানান গুতেরেস।

তিনি বলেন, আরও সামরিক হস্তক্ষেপ কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্যই নয়, বরং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে।