হামলাকারীকে ক্ষমা করে দিলেন সিডনির গির্জার বিশপ
সিডনির গির্জায় ছুরি হামলায় আহত বিশপ হাসপাতাল থেকেই ওই ঘটনা নিয়ে প্রকাশ্যে প্রথম মন্তব্যে হামলাকারীকে ছেলে সম্বোধন করে ক্ষমা করেছেন।
অস্ট্রেলিয়ায় সিডনির গির্জায় গত সোমবার ধর্মীয় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হওয়া বিশপ মারি ইমানুয়েল হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন থাকার মধ্যেই সেদিনকার হামলা নিয়ে জনস্মুখে প্রথম মন্তব্যে বিশপ ইমানুয়েল হামলাকারীকে ছেলে সম্বোধন করে ক্ষমা করে দেন।
ইমানুয়েলের চার মিনিটের অডিও ক্লিপ বৃহস্পতিবার স্যোশাল মিডিয়ায় প্রকাশ করা হয় গির্জা থেকে। এতে বিশপকে বলতে শোনা যায়, “যে-ই একাজ করে থাকুক না কেন আমি তাকে ক্ষমা করে দিচ্ছি।
“আমি তাকে বলছি: তুমি আমার ছেলের মতো। আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার জন্য প্রার্থনা করব। তোমাকে যারাই এ কাজ করার জন্য পাঠিয়েছে, আমি তাদেরকেও মহান যিশুর নামে ক্ষমা করে দিচ্ছি।”
হামলার ঘটনায় প্রতিক্রিয়ায় বিশপ তার সমর্থকদের উত্তেজিত না হয়ে বরং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং যিশুখ্রিস্টের মতো আচরণ করার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, “সবার জন্য ভালোবাসা ছাড়া আমার হৃদয়ে আর কিছু নেই। তা সেই ব্যক্তি খ্রিস্টান হোন বা না হোন। যিশু আমাদেরকে লড়াই করতে শেখান নি। বদলা নিতে সেখাননি। যিশু কখনও বলেননি, চোখের বদলে চোখ নাও কিংবা দাঁতের বদলে দাঁত নাও।”
জখম থেকে সেরে উঠছেন জানিয়ে ইমানুয়েল সমর্থকদেরকে বলেন, “দুশ্চিন্তা করার বা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।”
গত সোমবার সন্ধ্যায় সিডনির ওয়াকলি শহরতলীতে ‘খ্রিষ্ট দ্য গুড শেফার্ড চার্চ’-এ প্রার্থনা চলাকালে বিশপ ইমানওয়েলের ওপর হামলা হয়। স্বাভাবিক সময়ের মতোই বিশপ মার মারি ইমানুয়েল ধর্মপোদেশ দিচ্ছিলেন।
আচমকাই কালো পোশাক পরা এক ব্যক্তি ছুরি নিয়ে গির্জায় ঢুকে বিশপের মুখে ছুরিকাঘাত করেন। বিশপ মাটিতে পড়ে গেলে তার বুকে আরও কয়েকবার ছুরিকাঘাত করেন হামলাকারী।
ছুরি হামলার এই ঘটনা অনলাইনে লাইভ দেখা গেছে গির্জার ফেইসবুক একাউন্টে। নিউ সাউথ ওয়েলসের পুলিশ প্রথমে দুইজনের ওপর হামলা হওয়ার কথা জানালেও পরে জানা যায় চারজন হামলার শিকার হয়েছে।
গির্জা এক বিবৃতিতে পুরোহিত ফাদার ইসাকও আহত হওয়ার কথা জানায়। বিশপ এবং পুরোহিত দুইজনকেই হাসপাতালে নেওয়ার কথাও জানানো হয়।
পুলিশ বলেছে, ধর্মীয় উদ্দেশ্যেই এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। হামলার ঘটনায় গির্জার অনুসারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গির্জার বাইরে বিক্ষোভে জড়ো হন বিশপের ক্ষুব্ধ সমর্থকরা।
হামলার ঘটনায় পুলিশ ১৬ বছরের এক বালককে গ্রেপ্তার করেছে। ওই বালক নিজেও আহত হয়েছে। তাকে গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে হামলার কোনও অভিযোগ আনা হয়নি।
সূত্র: বিবিসি/দ্য গার্ডিয়ান।
