২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি বিমানের দিকে ‘ফায়ার কন্ট্রোল রাডার’ তাক করেছিল চীনা জেট, অভিযোগ টোকিওর

তাদের এই ভাষ্য বেইজিং প্রত্যাখ্যান করেছে।

জাপানি বিমানের দিকে ‘ফায়ার কন্ট্রোল রাডার’ তাক করেছিল চীনা জেট, অভিযোগ টোকিওর
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে দুটি ‘বিপজ্জনক’ ঘটনায় চীনা যুদ্ধবিমানগুলো জাপানি সামরিক এয়ারক্রাফট লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছিল বলে অভিযোগ করেছে টোকিও। 

তাদের এই ভাষ্য বেইজিং প্রত্যাখ্যান করেছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স। 

“বিমানের নিরাপদ চলাচলের জন্য যা যা প্রয়োজনীয় রাডারের আলোকরশ্মি সেগুলোকে ছাড়িয়ে গেছে,” এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। 

শনিবারের এসব ‘দুঃখজনক’ ঘটনা নিয়ে জাপান চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠিয়েছে, বলেছেন তিনি। 

টোকিওতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে সাক্ষাৎকালে কোইজুমি বলেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের কর্মকাণ্ডের ‘দৃঢ় ও সংযমী’ প্রতিক্রিয়া দেখাবে জাপান।  

চীনা নৌবাহিনীর মুখপাত্র কর্নেল ওয়াং শুয়েমেং বলেছেন, চীন আগেই মিয়াকো প্রণালীর পূর্বদিকে রণতরীভিত্তিক বিমান ওঠানামা সংশ্লিষ্ট প্রশিক্ষণ মহড়া চালানোর ঘোষণা দিয়েছিল, তারপরও জাপান বারবারই চীনা নৌবাহিনীর যানগুলোর দিকে তেড়ে আসছে ও সেগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে। 

গত কয়েক বছরে চীন ও জাপানের বাহিনীর মুখোমুখি হওয়ার ঘটনা নেই বললেই চলে। শনিবারের ঘটনাগুলো পূর্ব এশিয়ার দুই শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলেই মনে হচ্ছে। 

সাম্প্রতিক সময়ে এ দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্যকে কেন্দ্র করে। 

চীন স্বশাসিত তাইওয়ানকে তার নিজের অংশ মনে করে. দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে তারা। 

তাইওয়ানের বিরুদ্ধে চীনের সামরিক বাহিনীর কর্মকাণ্ড জাপানের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে টোকিও প্রতিক্রিয়া দেখাবে বলে হুমকি দিয়েছিলেন তাকাইচি। এরপর থেকেই চীন জাপানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে ‍শুরু করে। 

অন্য এয়ারক্রাফটের দিকে ফায়ার কন্ট্রোল রাডার তাক করাকে ‘হুমকিমূলক পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করা হয়, কারণ ওই রাডার তাক করার মাধ্যমে সম্ভাব্য আক্রমণের সঙ্কেত দেওয়া হয়, এমন ক্ষেত্রে ওই এয়ারক্রাফট নিজের সুরক্ষায় পাল্টা যে কোনো কৌশল নিতে বাধ্য হতে পারে। 

চীনা রাডার তাদের বিমানগুলোকে ‘লক’ করেছিল কিনা, কিংবা রাডার তাকের পর তারা কোনো প্রতিক্রিয়া দেখিয়েছিল কিনা সে বিষয়ে জাপান এখনও কিছু বলেনি। 

সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে দেওয়া বিবৃতিতে ওয়াং জাপানি ভাষ্যকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে বলেছেন, তাদের কর্মকাণ্ড বিমান চলাচলের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছিল।  

“আমরা আনুষ্ঠানিকভাবে দাবি করছি যে জাপান যেন অবিলম্বে মিথ্যাচার ও বদনাম করা বন্ধ করে এবং ফ্রন্টলাইনের কর্মকাণ্ডকে কড়া নিয়ন্ত্রণে রাখে।

“নিজেদের নিরাপত্তা এবং বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় চীনা নৌবাহিনী আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে,” বলেছেন তিনি। 

নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহায়তা জোরদার নিয়ে কোইজুমির সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার মারলেস বলেন, “গত ২৪ ঘণ্টায় চীনের কর্মকাণ্ডের আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা জাপানের সঙ্গে কাজ অব্যাহত রাখবো, নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা বজায় রাখতে জাপানের পাশে দাঁড়াবো।” 

তাইওয়ান নিয়ে চীন-জাপান উত্তেজনা বাড়ার পর বেইজিং তার নাগরিকদের জাপান সফর না করতে পরামর্শ দেয় এবং সামুদ্রিক খাবার আমদানি পুনরায় শুরুর পরিকল্পনাও স্থগিত রাখে। ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে পরিশোধিত পানি সমুদ্রে ছেড়ে দেওয়ার পর চীন জাপান থেকে সামুদ্রিক খাবার আমদানি বন্ধ করে দিয়েছিল।

চীন সাম্প্রতিক সময়ে তাইওয়ানের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ ক্রমশ বাড়িয়েই যাচ্ছে। জাপানের সবচেয় পশ্চিমের দ্বীপ ইয়োনাগুনি থেকে তাইওয়ান মাত্র ১১০ কিলোমিটার দূরে। 

যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতিও জাপানে। ওকিনাওয়ায় কয়েক হাজার মেরিন সেনার পাশাপাশি যুক্তরাষ্ট্রর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও বিমান রয়েছে। 

ফায়ার কন্ট্রোল রাডার তাক করা নিয়ে জাপান চীনের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সে প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিওর মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। 

ট্রাম্প চুপ, সামরিক কর্মকাণ্ড জোরদার করছে চীন

তাইওয়ান নিয়ে তাকাইচির মন্তব্যকে ঘিরে নতুন করে চীন-জাপান বিরোধ তুঙ্গে ওঠার পর জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাস বেশ কয়েকবারই টোকিওর প্রতি প্রকাশ্যে সমর্থন দেখিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের সব ঊর্ধ্বতন কর্মকর্তারাই এ প্রসঙ্গে একেবারেই নীরব। 

বাণিজ্য নিয়ে আলোচনা করতে আগামী বছর বেইজিংয়ে যাওয়ার পরিকল্পনা করা ট্রাম্প গত মাসে তাকাইচির সঙ্গে ফোনালাপে জাপানকে উত্তেজনা না বাড়াতে বলেছেন বলে বিষয়টি সম্বন্ধে অবগত ব্যক্তি রয়টার্সকে বলেছিলেন।  

তার আগে আগেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা হয়েছিল ট্রাম্পের। বিশ্বব্যবস্থা নিয়ে বেইজিংয়ের যে লক্ষ্য-উদ্দেশ্য, তার কেন্দ্রেই রয়েছে তাইওয়ানকে চীনে ফিরিয়ে আনা, সেই আলাপচারিতায় জিনপিং ট্রাম্পক এ কথা বলেন বলে বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে। 

জাপান বলছে, শনিবার দুটি ঘটনায় চীনের যে জে-১৫ জেটগুলো জড়িত ছিল সেগুলো ছাড়া হয়েছিল চীনের লিয়াওনিং বিমানবাহিনী রণতরী থেকে। ক্ষেপণাস্ত্রবাহী তিনটি ডেস্ট্রয়ার নিয়ে ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে অভিযান চালাচ্ছে লিয়াওনিং।  

চীনা রণতরী থেকে যুদ্ধবিমান ওঠানামার প্রতিক্রিয়ায় তড়িঘড়ি বেশ কয়েকটি এফ-১৫ বিমান জড়ো করা হয়েছিল বলে জানিয়েছে জাপান। 

২০১৩ সালে জাপান বলেছিল, চীনের একটি যুদ্ধজাহাজ পূর্ব চীন সাগরে তাদের একটি ডেস্ট্রয়ারকে নিশানা করে ফায়ার কন্ট্রোল রাডার লক করে দিয়েছিল। তিন বছর পর বেইজিং তাদের জেটের দিকে জাপানি যুদ্ধবিমানের ফায়ার কন্ট্রোল রাডার তাক করার অভিযোগ আনে।  

এ বছরের জুনে জাপান বলে, চীনা যুদ্ধবিমানগুলো ওকিনাওয়ার কাছে তাদের একটি টহল এয়ারক্রাফটির খুব কাছ দিয়ে বিপজ্জনকভাবে উড়ে গিয়েছিল। 

বৃহস্পতিবার এক পর্যায়ে পূর্ব এশীয় জলসীমায় চীনের নৌবাহিনী ও কোস্ট গার্ডের শতাধিক নৌযান মোতায়েন হয় বলে একাধিক গোয়েন্দা প্রতিবেদন ও সূত্রের বরাত দিয়ে জানায় রয়টার্স। 

এই সমরশক্তি বৃদ্ধি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে হুমকি সৃষ্টি করছে বলে আখ্যা দিয়েছে তাইওয়ান। জাপান বলেছে, তারা চীনের কর্মকাণ্ডের ওপর নিবিড় দৃষ্টি রেখেছে।