ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড
লিবিয়া থেকে নির্বাচনি প্রচারের জন্য অবৈধভাবে তহবিল সংগ্রহের চেষ্টায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে সারকোজিকে এই সাজা দিয়েছে প্যারিসের আদালত।
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। লিবিয়া থেকে নির্বাচনি প্রচারের জন্য অবৈধভাবে তহবিল সংগ্রহের চেষ্টায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
২০০৭ সালে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের জন্য সারকোজির ঘনিষ্ঠ সহযোগীরা লিবিয়ার তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির আমলে দেশটি থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করেছিলেন। আর তাতেই অপরাধমূলক ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হন সারকোজি।
বৃহস্পতিবার প্যারিসের একটি ফৌজদারি আদালত তাকে এ কারাদণ্ড দিয়েছে। ২০০৭ সাল থেকে ২০১২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। তিনি কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করলেও শিগগিরই তাকে জেলে যেতে হতে পারে।
সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসাবে সারকোজিই প্রথম জেল খাটতে চলেছেন। সারকোজিকে কখন জেলে পাঠানো হবে তা জানানোর জন্য ১৩ অক্টোবরে তাকে আদালতে ডেকে পাঠানো হতে পারে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।
কোন জেলে তাকে রাখা হতে পারে সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। সারকোজিকে দেওয়া সাজা প্রত্যাশার চেয়েও কঠোর হয়েছে বলে অনেকে মনে করছেন।
আদালতে সাজা ঘোষণার পর সারকোজি উত্তেজিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। আদালত থেকে বেরিয়ে আসার সময় তিনি এ রায়কে ‘কলঙ্কজনক’ বলে মন্তব্য করেন।
সারকোজি সাংবাদিকদের বলেন, “যদি তারা চয়, আমি কারাগারে ঘুমাই, তাহলে আমি সেখানেই ঘুমাব। কিন্তু তা করব মাথা উঁচু করে।” নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, “আমি এমন কিছুর জন্য ক্ষমা চাইব না যা আমি করিনি।”
“আজ যা ঘটল, তা আইনের শাসন ও বিচারব্যবস্থায় কারও বিশ্বাসের জন্য খুবই গুরুতর বিষয়,” বলেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে সারকোজির কারাদণ্ড হলেও তাকে দুর্নীতি ও অবৈধ নির্বাচনি তহবিল গ্রহণসহ অন্যান্য সব অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
