২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে ধর্মীয় উৎসবে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারকে ৪ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 09:29 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

ভারতের বিহার রাজ্যে সন্তানদের দীর্ঘায়ু ও মঙ্গলকামনায় হিন্দু সম্প্রদায়ের 'জীবিতপুত্রিকা’ উৎসব পালনকালে পুণ্যস্নানের সময় বিভিন্ন স্থানে নদী ও পুকুরে ডুবে ৩৭ শিশু-সহ মোট ৪৬ জন ডুবে মারা গেছে। 

আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। বুধবার উৎসব চলাকালে বিহার রাজ্যের ১৫টি জেলায় এই ঘটনা ঘটে। 'জীবিতপুত্রিকা' উৎসবের সময়, মায়েরা তাদের সন্তানদের মঙ্গলের জন্য উপবাস করেন এবং পবিত্র স্নান করেন।

বিপর্যয় মোকাবেলা দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এখনও পর্যন্ত মোট ৪৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।”

ওদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারকে ৪ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং মৃতদের আটজনের পরিবারের সদস্যরা ইতিমধ্যে তা পেয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনাগুলো বিহারের বিভিন্ন জেলায় ঘটেছে। এর মধ্যে আছে পূর্ব ও পশ্চিম চম্পারণ, নালন্দা, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারন, পাটনা, বৈশালী, মুজফফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ এবং আরওয়াল জেলা।