বন্যা, এমনকী যুদ্ধেও সমাবেশ চলবে: ইমরান খান
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দেশের সত্যিকারের স্বাধীনতার জন্য লড়ছেন। এ লড়াই তাপপ্রবাহ, বন্যা এমনকী যুদ্ধের মধ্যেও চলবে।
দেশে বিপর্যয়কর বন্যায় শত শত মানুষের প্রাণহানির মধ্যেও রাজনৈতিক সভা-সমাবেশ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে ইমরান শনিবার বলেছেন, তিনি পাকিস্তানের সত্যিকারের স্বাধীনতার জন্য লড়ছেন। তাই তার এ লড়াই তাপপ্রবাহ, বন্যা এমনকী যুদ্ধের মধ্যেও চলবে।
পাঞ্জাব প্রদেশে ঝিলম নগরীর এক জনসমাবেশে ইমরান খান একথা বলেন বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা। সমাবেশের বক্তব্যে তিনি ‘পিটিআই-এর বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা’ চালানোর জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর নিন্দাও করেছেন।
ইমরান বলেন, “সংবাদপত্র, বন্ধুত্বপূর্ণ মিডিয়া, সাংবাদিক এবং একটি বিশেষ মিডিয়া হাউজের মাধ্যমে (পিটিআইয়ের বিরুদ্ধে) ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, যাতে সবসময় চোরদের স্বার্থ রক্ষা করা হয়। তারা বলছে, সমাবেশ করার সময় এখন নয়।”
দেশে দুর্যোগের এই সময়ে রাজনীতিতে মগ্ন থাকার বিষয়টি অস্বীকার করে ইমরান খান বরং একে ‘হাকিকি আজাদির লড়াই’ অর্থাৎ, ‘সত্যিকারের স্বাধীনতার জন্য লড়াই’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “আমি এই চোরদের বিরুদ্ধে লড়ছি, যারা গত ৩০ বছর ধরে দেশ লুট করেছে। আইনের শাসন ফিরিয়ে আনতে লড়ছি। আমি এমন এক দেশের জন্য লড়ছি যা একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হওয়ার কথা ছিল।”
পিটিআই বিরোধীদের উদ্দেশ্য করে ইমরান বলেন, “আমি জনগণকে সাহায্য করে যাব, কিন্তু আপনাদের রেহাই দেব না।” সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, বন্যার মধ্যে তাকে সমাবেশ না করতে বলা হচ্ছে, কিন্তু সরকার ‘দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে দেয়ালে ঠেসে ধরছে।’
“আমার বিরুদ্ধে সন্ত্রাসের মামলা হয়েছে। এমনকী তারা আমাকে গ্রেপ্তার করতে এসেছিল। সারাবিশ্বে এ নিয়ে খবর হয়েছে। তারা পাকিস্তানকে ব্যানানা রিপাবলিক বলে। আমাদের নিয়ে হাসি-তামাশা করে।”
“আমি শুধু বলেছি, শাহবাজ গিলকে যারা নির্যাতন করেছে আইনের অধীনে তাদের বিচার হওয়া উচিত। একথা বলার মধ্য দিয়ে আমি কি সন্ত্রাস করেছি?”- প্রশ্ন তুলে বলেন ইমরান খান।
বক্তব্যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের কড়া সমালোচনা করে ইমরান বলেন, তিনি ক্ষমতা ছাড়ার সময় মূল্যস্ফীতি ছিল ১৬ শতাংশ, এখন তা ৪৫ শতাংশে গিয়ে ঠেকেছে। সরকার দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে দিয়েছে।
