২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজাবাসীদের ‘স্বেচ্ছায় প্রস্থান’ নিয়ে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বলল ইসরায়েল

যেসব দেশ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করেছিল তাদেরই উচিত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া, বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ।

গাজাবাসীদের ‘স্বেচ্ছায় প্রস্থান’ নিয়ে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বলল ইসরায়েল
যুদ্ধবিরতির পর উত্তর গাজার বাড়ি ফিরছে হাজারো ফিলিস্তিনি। ছবি রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

গাজার বাসিন্দাদের ‘স্বেচ্ছায়’ ভূখণ্ডটি ছেড়ে যাওয়ার সুযোগ করে দিতে একটি পরিকল্পনা প্রস্তুতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 

ফিলিস্তিনিদের সরিয়ে গাজার দখল নেওয়া হবে- মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন পরিকল্পনা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর বৃহস্পতিকার কাটজ এ নির্দেশ দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার ওই পরিকল্পনার কথা বলেছিলেন। 

যুক্তরাষ্ট্র গাজার দখল নেবে, সেখানকার ২০ লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেবে এবং ভূখণ্ডটিকে ‘মধ্য প্রাচ্যের রিভেরাতে’ পরিণত করবে, মার্কিন প্রেসিডেন্ট এমনটাই বলেছিলেন। 

“আমি প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সাহসী পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছি। বিশ্বজুড়ে চলমান রীতি মেনে গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় নিজ এলাকা ছেড়ে অন্যত্র অভিবাসনের অনুমতি দেওয়া উচিত,” সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এমনটাই বলেছেন কাটজ।

ইসরায়েলের এ প্রতিরক্ষামন্ত্রী জানান, তাদের পরিকল্পনায় স্থল সীমান্ত ক্রসিং দিয়ে গাজা ছাড়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা যেমন আছে, তেমনি আছে বিশেষ ব্যবস্থায় সমুদ্র ও আকাশপথে প্রস্থানের সুবিধা দেওয়ার ভাবনাও। 

এর প্রত্যুত্তরে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে তাদের ভূখণ্ডের সম্পর্ক এতটাই নিবিড় যে তারা কখনোই গাজা ছেড়ে যাবে না। 

ইসরায়েল গাজা যুদ্ধে তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, আর সেটা ঢাকতেই কাটজ এসব বলছেন বলেও অভিযোগ নাইমের।

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি প্রসঙ্গটি পুরো মধ্যপ্রাচ্যের জন্যই খুবই সংবেদনশীল। সামরিকভাবে দখলে থাকা কোনো এলাকা থেকে লোকজনকে জোরপূর্বক সরিয়ে দেওয়া বা সরে যেতে বাধ্য করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়, ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী এটি নিষিদ্ধও।

২০২৩ সালের অক্টোবর থেকে ১৫ মাসেরও বেশি যুদ্ধে ইসরায়েলের মুহুর্মুহু হামলার সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে লাখ লাখ গাজাবাসীকে ভূখণ্ডের ভেতরেই বারবার স্থান বদল করতে হয়েছে। 

অনেক ফিলিস্তিনিই জানিয়েছেন, তারা কখনোই নিজ ভূখণ্ড ছেড়ে যাবেন না। ‘নাকবা’র মতো এই ছেড়ে যাওয়াও স্থায়ী নির্বাসন হতে পারে বলে তাদের আশঙ্কা। 

১৯৪৮ সালে ইসরায়েলের জন্মের সময় হওয়া ‘নাকবায়’ লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র শরণার্থী জীবন বেছে নিতে হয়েছিল।

অনেককেই সেসময় গাজা ছেড়ে পশ্চিম তীর ও পার্শ্ববর্তী আরব দেশ জর্ডান, সিরিয়া ও লেবাননে পালিয়ে গিয়েছিলেন, তাদের বংশধররা এখনো নানান শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছে। 

এই ফিলিস্তিনিদেরকে জোর করে সরিয়ে দেওয়ার অভিযোগ ইসরায়েল অস্বীকার করে আসছে।

কাটজ বলছেন, যেসব দেশ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করেছিল তাদেরই উচিত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া।

“স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং অন্য যেসব দেশ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে মিথ্যা অভিযোগ করেছে, তাদের ভূখণ্ডে ঢুকতে চাওয়া গাজার বাসিন্দাদের ঢোকার অনুমতি দিতে তারা আইনত বাধ্য।

“তারা যদি অনুমতি দিতে রাজি না হয়, তাহলে তাদের দ্বিচারিতা প্রকাশিত হবে। কানাডার মতো কিছু দেশ, যাদের কাঠামোগত অভিবাসন কর্মসূচি রয়েছে, তারা এর আগে গাজার বাসিন্দাদের নিতে আগ্রহ প্রকাশ করেছিল,” বলেছেন তিনি।

তাৎক্ষণিকভাবে এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ।

“গাজা গাজাবীসরই ভূখণ্ড এবং গাজাকে অবশ্যই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হতে হবে,” স্পেনিশ রেডিও স্টেশন আরএনই-কে এমনটাই বলেছেন তিনি।   

কাটজের অভিযোগ, হামাস গাজায় ফিলিস্তিনিদের জিম্মি করে রেখেছে, তাদেরকে বের হতে দিচ্ছে না এবং মানবিক সাহায্য প্রকল্পগুলো থেকে অর্থ আত্মসাৎ করছে। এ নিয়ে অবশ্য এর চেয়ে বেশি কিছু বলেননি তিনি।