২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর ভারতের সঙ্গে সীমান্ত পরিস্থিতি ‘স্থিতিশীল’ : চীন

অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে দুই পক্ষের মধ্যে গত শুক্রবারের সংঘর্ষের পর চীন এই প্রথম এ বিষয়ে কোনও মন্তব্য করল।

সংঘর্ষের পর ভারতের সঙ্গে সীমান্ত পরিস্থিতি ‘স্থিতিশীল’ : চীন

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 13 Dec 2022, 06:06 PM

Updated : 13 Dec 2022, 06:06 PM

পূর্ব ভারতের অরুণাচলে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনার কয়েকদিন পর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দু’দেশের সীমান্ত পরিস্থিতি এখন ‘সাধারনভাবে স্থিতিশীল’ আছে।

গত শুক্রবার অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষেই সেনারা জখম হয়েছে। এ ঘটনার পর চীন এই প্রথম এ ব্যাপারে কোনও মন্তব্য করল।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার বলেছেন, “আমরা যতদূর বুঝতে পারছি, চীন-ভারত সীমান্ত সামগ্রিকভাবে স্থিতিশীল।” দু’পক্ষই কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে সীমান্ত নিয়ে অবাধ আলোচনা করেছে বলে জানান তিনি।

ওদিকে, ভারত মঙ্গলবারেই সীমান্তের বিষয়টি কূটনৈতিকভাবে চীনের কাছে তুলে ধরেছে বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

পুরনো খবর:

অরুণাচল প্রদেশ সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষ

তিনি বলেন, গত ৯ ডিসেম্বরে ভারতীয় সেনারা চীনের সেনাদের ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়া ঠেকিয়ে দিয়েছে।

এক বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এ দুই প্রতিবেশী দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২০২০ সালে সীমান্তে বড় ধরনের এক সংঘর্ষে অন্তত ২৪ সেনা নিহত হওয়ার পর থেকে দেশ দুটি উত্তেজনা নিরসনে কাজ করে আসছিল।

শুক্রবারের সংঘর্ষের পর ভারতীয় সেনাবাহিনীর সূত্রগুলো তাদের অন্তত ছয় সেনা আহত হয়েছে বলে জানায়।

তাৎক্ষণিকভাবে উভয় পক্ষ ওই এলাকা থেকে সরে যায় এবং এর পরপরই ‘শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে’ উভয়পক্ষের কমান্ডাররা বৈঠকে করেন বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।

চীন ও ভারতের মধ্যে ৩৪৪০ কিলোমিটার দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত আছে। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামের এই সীমান্ত দুর্বলভাবে চিহ্নিত করা।

পার্বত্য অঞ্চলের বহু নদী, হ্রদ ও তুষার আবৃত পর্বতের কারণে এই ‘লাইন’ অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। তখন অনেক পয়েন্টেই বিশ্বের দুই বৃহত্তম সেনাবাহিনীর সেনারা মুখোমুখি দাঁড়িয়ে যায়।

২০২০ সালে লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় উভয়পক্ষের মধ্যে বড় একটি লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে ভারতে ২০ সেনা ও চীনের অন্তত চার জন সেনা নিহত হয়।