পান্নুন হত্যা ষড়যন্ত্র: অজিত ডোভালকে যুক্তরাষ্ট্রের সমন, সরব ভারত
২১ দিনের মধ্যে ডোভালসহ কয়েকজনকে সমনের জবাব পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এর সাউদার্ন ডিস্ট্রিক্ট জেলা আদালত।
যুক্তরাষ্ট্রপ্রবাসী খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যা ষড়যন্ত্র মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তলব করেছে মার্কিন আদালত। তার সঙ্গে ভারত সরকারকে সমন পাঠানোসহ আরও কয়েকজনকে তলব করা হয়েছে।
তারা হলেন- গোয়েন্দা সংস্থা ‘র’–এর সাবেক প্রধান সামন্ত গোয়েল, রএজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়ী নিখিল গুপ্তা। এনডিটিভি জানায়, ২১ দিনের মধ্যে তাদেরকে এই সমনের জবাব পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এর সাউদার্ন ডিস্ট্রিক্ট জেলা আদালত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এই সমনের প্রতিক্রিয়ায় বলেছে, “এই তলব সম্পূর্ণ অনভিপ্রেত। অনধিকার চর্চা।” ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ঘটনা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিয়েছি। একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। আমি আপনাদের নজরে আনার জন্য বলতে চাই, অভিযোগটি করেছেন কে? পান্নুনের পরিচয় আপনারা সবাই জানেন। তিনি একটি বেআইনি সংগঠন চালান।”
পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত নভেম্বরে নিখিলকে প্রাথমিক ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল যুক্তরাষ্ট্রের আদালতে। গত বছরের জুন মাসে চেক প্রজাতন্ত্র কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হয়েছিলেন নিখিল। পরে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই নিউ ইয়র্কে এনে তাকে বিচারের কাঠগড়ায় তোলে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, পন্নুনকে খুন করতে এক জন খুনিকে নিয়োগ করেছিলেন নিখিল। এর জন্য হত্যাকারীকে অগ্রিম পনেরো হাজার ডলারও দেন তিনি। যদিও নিখিল প্রথম থেকেই এ ধরনের অভিযোগ খারিজ করে এসেছেন।
যুক্তরাষ্ট্রের ওই দাবির পর শোরগোল শুরু হয়েছিল ভারতে। আর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে দিয়ে মার্কিন আদালতের সমন জারি নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েন তৈরি করতে পারে বলে কূটনীতিকদের কারও কারও আশঙ্কা।
গুরপতবন্ত সিং পান্নুন-এর যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই দেশের নাগরিকত্ব রয়েছে। গতবছর মার্কিন গোয়েন্দারা পান্নুনকে হত্যার চক্রান্তের একটি নথি প্রকাশ করে। ২০২৩ সালের নভেম্বর মাসে জো বাইডেন প্রশাসন দাবি করে, শিখ বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে হত্যার ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়া হয়েছে।
পান্নুনকে খুন করার ষড়যন্ত্রে জড়িত থাকা নিয়ে অভিযোগের তীর উঠেছিল ভারতের দিকে। ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ই প্রথম খবর প্রকাশ করেছিল যে, যুক্তরাষ্ট্র হত্যা চক্রান্ত নস্যাৎ করেছে এবং ভারতকে এ ব্যাপারে সতর্কও করেছে।
গোটা চক্রান্তে ভারতের একজন কূটনীতিক জড়িত বলে প্রতিবেদন প্রকাশের কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পান্নুন হত্যা চক্রান্তে ভারতের জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর ভারত বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছিল এবং উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের কথাও তারা সরকারিভাবে জানায়।
গুরপতবন্ত সিং পান্নুন ভারতে নিষিদ্ধ খলিস্তানপন্থি সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য-সহ কয়েকটি দেশে সক্রিয় রয়েছে এসএফজে। ভারতের পাঞ্জাবে ‘স্বাধীন ও সার্বভৌম’ খালিস্তান রাষ্ট্র গড়ার দাবি তুলেছে তারা। পান্নুনকে ২০২০ সালে 'জঙ্গি' ঘোষণা করেছে ভারত।
