২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের জামিনের আবেদন গ্রহণ করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট

পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি পরবর্তী জাতীয় নির্বাচন। তার আগে কারাগার থেকে মুক্তি নিশ্চিত করে নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে চাইছেন ইমরান খান।

ইমরানের জামিনের আবেদন গ্রহণ করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 22 Nov 2023, 05:55 PM

Updated : 22 Nov 2023, 05:54 PM

একদিন আগেই ইসলামাবাদ হাইকোর্ট কারাগারে বিশেষ আদালত বসিয়ে ইমরান খানের বিচার প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছে। এবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন আবেদন গ্রহণ করেছেন বলে জানিয়েছে তার আইনজীবী।

বুধবার সুপ্রিম কোর্ট ইমরানের জামিন আবেদন গ্রহণ করেন বলে জানান তিনি।

গত ৫ অগাস্ট তোষাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করেছিলেন ইসলামাবাদের জেলা বিচারিক আদালত। ওই রায় ঘোষণার পর সাবেক এই ক্রিকেট তারকাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। যদিও ওই মাসের শেষ দিকেই ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের ওই সাজা স্থগিত করে। কিন্তু তিনি এখনো জেল থেকে ছাড়া পাননি।

তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা রয়েছে। গত মাসেই রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাকে অভিযুক্ত করা হয়। এবং তার নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কথা বলে কারাগারের মধ্যেই একটি বিশেষ আদালত বসিয়ে বিচারকাজ চালানো হচ্ছিল।

মঙ্গলবার এক্স–এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইমরান খানের আইনজীবী নাঈম পানজুথা লিখেছেন, “কারাগারে (ইমরান খানের) বিচারের নোটিশকে বেআইনি ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট।”

বুধবার এক্স-এ আরেক পোস্টে তিনি লেখেন, “সুপ্রিম কোর্ট জামিনের আবেদন গ্রহণ করেছেন। পরিবর্তী শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর একটি সিদ্ধান্ত জানানো হবে।”

তবে কবে নাগাদ পরবর্তী শুনানি হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি। বলেন, সুপ্রিম কোর্ট এ বিষয়ে সরকারের কাছে তাদের বক্তব্য জানতে চেয়েছেন।

পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি পরবর্তী জাতীয় নির্বাচন। তার আগে কারাগার থেকে মুক্তি নিশ্চিত করে নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে চাইছেন ৭১ বছরের ইমরান খান। যিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি ক্ষমতা থেকে উৎখাত হন।

সাজা থেকে মুক্ত হতে না পারলে ইমরান ভোটে অংশ নিতে পারবেন না। তবে সংবিধানে যাই লেখা থাকুক। পাকিস্তানে দণ্ডপ্রাপ্ত নেতাদের বার বার ক্ষমতায় ফিরে আসার দীর্ঘ ইতিহাস রয়েছে। এছাড়া, জন্মলগ্ন থেকেই দেশটির প্রভাবশালী সেনাবাহিনী সেখানে রাজনীতিতে বড় খেলোয়াড়।

পুরনো খবর:

তোষাখানা মামলায় ইমরানের সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাই কোর্ট
কারাগারে ইমরান খানের বিচার অবৈধ ঘোষণা করল আদালত