আকাশছোঁয়া দাম, ভারতে ম্যাকডোনাল্ডসের মেন্যু থেকে টমেটো বাদ
ভারতজুড়ে গত একমাসে লাফিয়ে বেড়েছে টমেটোর দাম। এর আঁচ যেমন পড়েছে জনজীবনে, তেমনি পড়েছে বিশ্বখ্যাত ফাস্টফুড এই চেইন শপের খাবারের মেন্যুতেও।
ভারতে টমেটোর দাম লাগামছাড়া। গত কয়েক সপ্তাহ ধরে এ সবজির দাম লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি প্রায় ২০০ রুপিতে, সাধারণত যেটি বিক্রি হত ৪০ থেকে ৫০ রুপিতে।
গোটা ভারতজুড়েই গত একমাসে ৬০ থেকে ৭০ শতাংশ বেড়েছে টমেটোর দাম। এই বাড়তি দামের আঁচ যেমন পড়েছে জনজীবনে, তেমনি পড়েছে ম্যাকডোনাল্ড’স এর মতো বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন শপের খাবারের মেন্যুতেও।
ম্যাকডোনাল্ডসের জিভে পানি আনা প্রিয় বার্গারে টমেটো বাদ পড়ায় আর মিলবে না সেই স্বাদ।
ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলের কিছু আউটলেটে আপাতত টমেটো ব্যবহার না করার ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠানটি। যদিও তাদের দাবি, ভাল মানের টমেটো পাওয়া না যাওয়ার কারণেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
ম্যাকডোনাল্ড’স কর্তৃপক্ষ এক নোটিশে জানিয়েছে, গ্রাহকদের সেরা মানের খাবার সরবরাহে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে মৌসুমি সমস্যার কারণে বাজারে টমেটো সরবরাহ কম থাকায় খাবারের মেন্যুতে এ সবজি পরিবেশন করা যাচ্ছে না। এ সমস্যা সাময়িক। শিগগিরিই খাবারে টমেটো ফিরিয়ে আনার উপায় খোঁজা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকায় এবছর ভারতে টমেটোর ফলনে ধস নেমেছে। একদিকে ভারি বর্ষণ, অন্যদিকে তীব্র খরায় ফসল নষ্ট হয়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে বাজারে।
প্রতিবছর জুন-জুলাইয়ে এমনিতেই বাজারে টমেটো সরবরাহ কম থাকলেও এ বছর তা সংকটে রূপ নিয়েছে। চাহিদা আর জোগানের মধ্যে হয়ে গেছে আকাশ পাতাল ফারাক।
টমেটোর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রসিকতা। একজন টুইটে লিখেছেন, ম্যাকডোনাল্ডসও এত দামি সবজি কিনতে পারছে না।
ওদিকে, কৃষকের টমেটো চুরি যাওয়া কিংবা টমেটো-বাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনাও ঘটছে বলে জানিয়েছে বিবিসি।
অথচ মাত্র দুই মাস আগেও ভারতের কৃষকরা টমেটোর দাম না পাওয়ায় এ সবজি রাস্তায় ফেলেছে। তখন খুচরা বাজারে টমেটোর দাম ছিল ২ থেকে ৩ রূপি। বাজারে চাহিদার চেয়ে জোগান ছিল বেশি।
ভারত সরকার বলছে, টমেটোর বাড়তে থাকা দাম সাময়িক সমস্যা। আগামী কয়েকমাসের মধ্যে তা কমে আসবে। ভারতের কিছু কিছু রাজ্যে গ্রাহকদের সহায়তা করতে সরকার পরিচালিত কিছু দোকান থেকে এরই মধ্যে কমদামে টমেটো বিক্রি শুরু হয়েছে।
