২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামার ‘জিহ্বা চুষতে’ বলার পক্ষে দাঁড়ালেন তিব্বতি নেতা

নির্বাসিত তিব্বত সরকারের প্রধান নেতা পেনপা সেরিং বলেছেন, দালাই লামা নির্দোষ। বালকের সঙ্গে তার আচরণ স্নেহপূর্ণ ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 06:14 PM

Updated : 14 Apr 2023, 06:55 PM

তিব্বতের নির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু ও আধ্যাত্মিক নেতা দালাই লামা এক বালককে ঠোঁটে চুম্বন করার পর তাকে ‘জিহ্বা চুষতে’ বলছেন, এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র বিতর্কের মুখে এবার দালাই লামার পক্ষে সাফাই গেয়েছেন তিব্বতের শীর্ষ একজন নেতা।

তিনি দালাই লামাকে ‘নির্দোষ’ বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে বলেছেন, জিহ্বা চুষতে বলাটা দালাই লামার ‘স্নেহপূর্ণ আচরণ’। বিবিসি জানিয়েছে, দালাই লামার পক্ষে দাঁড়ানো এই তিব্বতি নেতার নাম পেনপা সেরিং। নির্বাসিত তিব্বত সরকারের প্রধান তিনি।

বৃহস্পতিবার সেরিং বলেন, “দালাই লামার কর্মের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাকে নিয়ে বিতর্ক তার অনুসারীদের ভাবানুভূতিতে লেগেছে। দালাই লামা সবসময় পবিত্রতা এবং ব্রহ্মচর্যের মধ্যে বাস করেছেন। বছরের পর বছর তার আধ্যাত্মিক অনুশীলন তাকে সংবেদনশীল আনন্দ উপভোগের উর্ধ্বে নিয়ে গেছে।”

সেরিং এও দাবি করেছেন যে, ঘটনাটি নিয়ে তদন্ত বলছে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার পেছনে ‘চীনপন্থিদের’ হাত আছে। যদিও তিনি তার এই দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি। সেরিং এ ঘটনাটি রাজনৈতিক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন।

দালাই লামা তিব্বতিদের কাছে পরম শ্রদ্ধাভাজন ও অত্যন্ত পবিত্র একজন ব্যক্তিত্ব। তাকে ধর্মাবতার বলেই বিবেচনা করা হয়। এমন একজন ব্যক্তির শিশুর প্রতি ওই আচরণের ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার ‘অসঙ্গত আচরণ’ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় এবং এর জন্য দালাই লামা ক্ষমাও চেয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারিতে ভারতের ধর্মশালায় দালাই লামার মন্দিরে বিতর্কিত ওই ঘটনা ঘটে বলে ধারণা করা হয়। ভিডিওটি ভাইরাল হয়েছে চলতি মাসের শুরুতে। টুইটারে ভিডিও ১০ লাখের বেশিবার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই বালক দালাই লামাকে আলিঙ্গন করতে পারবে কি না তা জানতে চায়। জবাবে আধ্যাত্মিক এই নেতা তার গালে বালকটিকে চুম্বন করতে বলেন। এরপর বালকটির কপালের কাছে নিজের কপাল এগিয়ে নিয়ে জিহ্বা বের করার আগে দালাই লামা বলেন, ‘আমার জিহ্বা চুষে দাও।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। মানবাধিকার কর্মীদের কেউ কেউ দালাই লামার এই আচরণকে শিশুর প্রতি যৌন হয়রানিমূলক বলেও সমালোচনা করে।

পরে দালাই লামার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়, “দালাই লামার কথায় কোনও আঘাত পেয়ে থাকলে” ওই শিশু ও তার পরিবারের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতে চান।