বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফের যোগদানের কথা ভাবতেও পারি, বললেন ট্রাম্প
এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র; সংস্থাটির মোট প্রাপ্ত অর্থের ১৮ শতাংশের মতো এসেছে দেশটি থেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার আদেশ দেওয়ার কয়েকদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, বৈশ্বিক এই সংস্থায় ফের যোগদানের বিষয়টি তিনি ভেবে দেখতে পারেন।
শনিবার লাস ভেগাসে এক সমাবেশে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্বাস্থ্য নিয়ে কাজ করা বৈশ্বিক এ সংস্থাটি কোভিড-১৯ মহামারী ও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট ঠিকঠাক মোকাবেলা করতে পারেনি দাবি করে ট্রাম্প ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থা থেকে বের করে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
“হয়তো আমরা ফের সেখানে যোগ দেওয়ার কথা বিবেচনা করতে পারি। আমি জানি না, হয়তো। তবে তার আগে তাদের অনেক কিছুই ঠিক করা লাগবে,” সমাবেশে এমনটাই বলেন মার্কিন প্রেসিডেন্ট।
সব ঠিক থাকলে আগামী বছরের ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে।
দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার দিন সোমবারই ট্রাম্প এ পদক্ষেপ নেন।
এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় আর্থিক পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র; সংস্থাটির মোট প্রাপ্ত অর্থের ১৮ শতাংশের মতো এসেছে দেশটি থেকে। জাতিসংঘের এই সংস্থার সর্বশেষ ২০২৪-২৫ সালের বাজেট ৬৮০ কোটি ডলার।
লাস ভেগাসে সমাবেশে যোগ দেওয়া জনতাকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র জনসংখ্যার বিচারে তার চেয়ে বড় দেশ চীনের চেয়ে বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় খরচ করছে এমনটা দেখে তিনি অসন্তুষ্ট।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি সৌদি আরবকে যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে অনুরোধ করবেন।
কয়েকদিন আগেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরা ট্রাম্পের ৪ বছরের মেয়াদকালে বাণিজ্য প্রসারে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্প এখন উপসাগরীয় দেশটির কাছ থেকে আরও ৪০ হাজার কোটি ডলার বেশি বিনিয়োগ চাইছেন।
