১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানের হেরাত প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

ইরান থেকে ফেরত পাঠানো আফগান শরণার্থীদের একটি দল বাসে করে রাজধানী কাবুল যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

আফগানিস্তানের হেরাত প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১
আফগানিস্তানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। ছবি: আমু টিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 12:21 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৭ শিশুসহ ৭১ জন নিহত হয়েছেন। 

প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি জানান, মঙ্গলবার রাতে প্রতিবেশী ইরান থেকে ফেরত পাঠানো শরণার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়, এতে বাসটিতে আগুন ধরে যায়। 

পুলিশ বলেছে, “অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে বাসটি প্রধান সড়ক থেকে ছিটকে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।” 

আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি ইরান সেখানে নির্বাসিত আফগানদের দেশে ফেরত পাঠাচ্ছে। তাদেরই একটি দল ওই বাসটিতে ছিল। তারা আফগানিস্তানের রাজধানী কাবুল যাচ্ছিল। ইসলাম কালা সীমান্ত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করে তারা ওই বাসে উঠেছিল। 

আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এ দুর্ঘটনায় হতাহতরা ইরান থেকে ফিরছিলেন বলে নিশ্চিত করেছেন। 

হেরাত শহর সংলগ্ন গুজারা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। গুজারার পুলিশ জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই বাসটির যাত্রী। পাশাপাশি ট্রাকটিতে থাকা দুইজন এবং মোটরসাইকেলে থাকা আরও দুইজন নিহত হয়েছেন। 

আফগানিস্তানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। দশকের পর দশক ধরে চলা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও সড়কপথ এবং মহাসড়কগুলো বেপরোয়া গাড়িচালনা এর অন্যতম কারণ।