২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে কেবল কার দুর্ঘটনায় ১ জনের মৃত্যু, আহত ১০

দুর্ঘটনার ১৬ ঘণ্টা পরও আকাশে ৯টি কেবল কার কেবিনের ভেতর আরও ৬০ জনের বেশি মানুষ ঝুলন্ত অবস্থায় রয়েছেন বলে জানানো হয়েছে। এ সময়ে ১১২ জনকে ঝুলন্ত কেবল কার কেবিন থেকে উদ্ধার করা হয়।

তুরস্কে কেবল কার দুর্ঘটনায় ১ জনের মৃত্যু, আহত ১০

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 13 Apr 2024, 02:30 PM

Updated : 13 Apr 2024, 04:06 PM

তুরস্কের দক্ষিণের আনতালিয়া প্রদেশে শুক্রবার কেবল কার দুর্ঘটনায় একজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টা ২৩ মিনিটের দিকে (১৪:৩২ জিএমটি) একটি ভাঙা পোলের সঙ্গে একটি কেবল কারের সংঘর্ষ হয়।

এ ঘটনার কারণে আরও ২৪টি কেবল কার কেবিন তারের সঙ্গে আকাশে ঝুলন্ত অবস্থায় থাকতে বাধ্য হয়। ঘটনার ১৬ ঘণ্টা পরও আকাশে ৯টি কেবল কার কেবিনের ভেতর আরও ৬০ জনের বেশি মানুষ ঝুলন্ত অবস্থায় রয়েছেন বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়। এ সময়ে ১১২ জনকে ঝুলন্ত কেবল কার কেবিন থেকে উদ্ধার করা হয়।  

যারা এখনও উদ্ধার পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের কেউই গুরুতর আহত বা অসুস্থ নন বলে জানিয়েছেন দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ পোস্ট করা বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, সাতটি হেলিকপ্টার এবং পাঁচ শতাধিক উদ্ধারকর্মী এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

যে কোম্পানির কেবল কার দুর্ঘটনায় পড়েছে তাদের মোট ৩৬টি কেবিন রয়েছে। এই কেবল কারে করে উপর থেকে আনতালিয়া নগরীর পুরোটা দেখা যায়।