২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মেক্সিকোর উপসাগরীয় উপকূলে ধেয়ে যাচ্ছে ঝড় আলবার্তো, নিহত ৩

ঝড়ের প্রভাবে এরই মধ্যে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে ভারি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকোর তামাউলিপাস রাজ্যের উপকূল ঝড়ের কবলে পড়তে পারে।

রয়টার্স

Published : 20 Jun 2024, 08:26 PM

Updated : 01 Sep 2026, 10:48 AM

এক নজরে

ঝড়ের প্রভাবে এরই মধ্যে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে ভারি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকোর তামাউলিপাস রাজ্যের উপকূল ঝড়ের কবলে পড়তে পারে।

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলের উপসাগরীয় উপকূলে ঘণ্টায় ৫০মাইল বাতাসের গতিবেগ নিয়ে ধেয়ে যাচ্ছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় আলবার্তো। ঝড়ের প্রভাবে বুধবার যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে ভারি বৃষ্টিপাত হয়েছে। বিপুল শক্তি সঞ্চয় করে উপসাগরীয় উপকূলে ধেয়ে যাওয়া এই ঝড়ে প্রাণহানি হয়েছে অন্তত ৩ জনের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, ঝড়টি মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চলের টাম্পিকো বন্দরনগরীর প্রায় ১৩৫ মাইল পূর্বে অবস্থান করছে। আলবার্তো ২০২৪ সালের আটলান্টিক হারিকেন মৌসুমের প্রথম নামকরণ করা ঝড়। যদিও এর বাতাসের গতিবেগ ঘূর্নিঝড়ের শক্তির চেয়ে কম। নুয়েভো লিওন রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আলবার্তো ঝড়ে অপ্রাপ্তবয়স্ক তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যের তৃতীয় বৃহত্তম মন্টেরি শহরের বাইরে নদীর স্রোতে ভেসে গিয়ে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়। আলবার্তো বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণে মেক্সিকোর তামাউলিপাস রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। ঝড়টি দ্রুতই দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে বৃষ্টিপাত, উপকূলীয় এলাকাগুলোতে বন্যা এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা আছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করে বলেছে, শহরাঞ্চলসহ যেসব অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাবে সেসব জায়গায় আকস্মিক বন্যার পাশাপাশি নদীর পানি ফুলে ওঠা এবং সম্ভাব্য ভূমিধসের আশঙ্কা রয়েছে।