ইরান যুদ্ধ বছরের পর বছর চলবে না: নেতানিয়াহু
নেতানিয়াহু এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি সুযোগ হিসেবে দেখছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শেষ হতে ‘কিছুটা সময় লাগলেও তা বছরের পর বছর চলবে না’।
শনিবার তেহরানে মার্কিন, ইসরায়েলি হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। তাদের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের যেসব আরব দেশে মার্কিন ঘাঁটি আছে সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুরুতে এই যুদ্ধ ‘চার থেকে পাঁচ সপ্তাহ’ স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিলেন।
তবে পরে তিনি বলেন যে এটি আরও দীর্ঘ হতে পারে আর তখন থেকেই তিনি ইরানের বিরুদ্ধে একটি বিস্তৃত ও সময়সীমাহীন যুদ্ধের পক্ষে যুক্তি দিয়ে আসছেন।
নেতানিয়াহু অবশ্য এই সংঘাতকে আগের দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধগুলোর মতো দেখতে নারাজ, জানিয়েছে রয়টার্স।
ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে সোমবার তিনি বলেন, “আমি বলেছিলাম এটি দ্রুত ও চূড়ান্ত হতে পারে। এতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু এটি বছরের পর বছর ধরে চলবে না। এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়।”
ইরানের ওপর এই আক্রমণ ট্রাম্পের পররাষ্ট্রনীতির এক বড় ধরনের বদলকে নির্দেশ করে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় তিনি বিদেশের মাটিতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে যে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি ঘোষণা করেছিলেন, এই যুদ্ধ তার সম্পূর্ণ বিপরীত।
নেতানিয়াহু এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন।
মধ্যপ্রাচ্যে শান্তির স্থায়ী পথ তৈরি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি।”
এদিকে, রয়টার্স/ইপসোসের গত সপ্তাহের এক জরিপে দেখা গেছে, মাত্র ২৫ শতাংশ আমেরিকান ইরানের ওপর এই হামলাকে সমর্থন করছেন।
ইরাক ও আফগানিস্তানে দীর্ঘস্থায়ী যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে অনেক আমেরিকানই বিদেশের মাটিতে ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততাকে সন্দেহের চোখে দেখেন।
নেতানিয়াহু দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অভিযান ইরানি জনগণের সামনে তাদের সরকারকে হঠানোর পথ তৈরি করে দিচ্ছে।
তিনি বলেন, “চূড়ান্ত বিচারে সরকার পরিবর্তনের দায়িত্ব ইরানি জনগণের, কিন্তু আমরা, আমেরিকা এবং ইসরায়েল মিলে, তাদের জন্য সেই ক্ষেত্রটি প্রস্তুত করছি।”
শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্পের ঘোষিত লক্ষ্যগুলোতেও পরিবর্তন দেখা গেছে। হামলার শুরুতে তিনি ইরানিদের ‘নিজেদের দেশ ফিরে পাওয়ার’ আহ্বান জানিয়েছিলেন, যা মূলত সরকার পরিবর্তনের ইঙ্গিত দেয়।
কিন্তু সোমবার ট্রাম্প সরকার পতনের কথা এড়িয়ে গিয়ে বলেন, এই যুদ্ধের মূল উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা এবং তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নস্যাৎ করা। ইরান অবশ্য বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।
ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে বিবেচনা করা হয়, যদিও তারা আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে না। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছেও পারমাণবিক অস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে।
