২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে অবিলম্বে আলোচনা চায় জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্য

ইসরায়েল-ইরান সংঘর্ষ থামানোর চেষ্টা করছে জার্মানি। ফ্রান্স এবং যুক্তরাজ্যকে নিয়ে জার্মানি ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত- বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের সঙ্গে অবিলম্বে আলোচনা চায় জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্য
ইরানে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবিলম্বে দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইওহান ভাদেফুল একথা বলেছেন।

বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে ওমানে রয়েছেন ভাদেফুল। ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

জার্মানির সরকারি সংবাদমাধ্যম ‘এআরডি’কে শনিবার ভাদেফুল বলেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে জার্মানি।

তার কথায়, তেহরান আগেও গঠনমূলক আলোচনায় বসার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে এখনও আলোচনায় বসার সময় রয়েছে বলে তিনি মনে করছেন।

ভাদেফুল বলেন, “জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য তৈরি আছে। আমরা ইরানকে দ্রুত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছি। আশা করি তারা এই প্রস্তাব গ্রহণ করবে।”

ইরান এবং ইসরায়েলের ওপর সব পক্ষ থেকে প্রভাব বিস্তার করা হলেই কেবল দুই দেশের সংঘর্ষ বন্ধ হতে পারে বলে মনে করেন ভাদেফুল।

সবাই এটি প্রত্যাশা করছে যে, আগামী সপ্তাহের মধ্যে সহিংসতার চক্র বাধাগ্রস্ত করতে দুই পক্ষ থেকেই গুরুত্ব সহকারে চেষ্টা থাকতে হবে।

গত শুক্রবার ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায়, সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এখনও চলছে। ইরান থেকেও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হয়েছে।

ইরানের সন্দেহ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে। সেই সন্দেহের থেকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা।

ইসরায়েলকে সাহায্য করলে পশ্চিম এশিয়ায় থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।