২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি

স্থানীয় গণমাধ্যম একজনের মৃত্যুর খবর দিয়েছে, অসমর্থিত সূত্রে বাড়িঘর চাপা পড়া এবং বিস্তৃত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 04:38 PM

Updated : 11 Sep 2022, 04:38 PM

পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ৬ মাত্রার অতি শক্তিশালী একটি ভূমিকম্প হওয়ার পর দেশটিতে হতাহত, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি এবং বিস্তৃত এলাকার বাসিন্দাদের আতঙ্কগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে ভূমিকম্পটির কেন্দ্রস্থল হলেও কম্পন প্রায় ৫০০ কিলোমিটার দূরে রাজধানী পোর্ট মোরেসবিতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভূমিকম্পের পরপরই যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা সিস্টেম সুনামি সতর্কতা জারি করলেও কিছু সময় পর তারা বিপদ কেটে গেছে বলে জানায়।

অস্ট্রেলিয়ায় তাৎক্ষণিকভাবে সুনামির কোনো হুমকি ছিল না বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো।

ভূমিকম্পের পর পাপুয়া ‍নিউ গিনির বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেটে চৌচির হয়ে যাওয়া রাস্তা, ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি এবং সুপারমার্কেটের তাক থেকে বিভিন্ন পণ্যের পড়ে যাওয়ার ছবি ও ভিডিও শেয়ার করেছেন

ভূমিকম্পটি মূলত দুর্গম এলাকায় হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানকার ক্ষয়ক্ষতির মাত্রা স্পষ্ট হওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যম একজনের মৃত্যুর খবর দিয়েছে, অসমর্থিত সূত্রে বাড়িঘর চাপা পড়া এবং বিস্তৃত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এসব খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখতে পারেনি রয়টার্স।

প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ারের’ মধ্যে থাকায় পাপুয়া নিউ গিনিতে নিয়মিতই ভূমিকম্প হয়।

২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প দেশটির দুর্গম পাহাড়ি ‍উচ্চভূমিতে শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল হাজার হাজার বাড়িঘর।