২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা: এখনও পরিচয় মেলেনি অর্ধশত মৃতদেহের

প্রিয়জনদের মৃতদেহের জন্য অনেক পরিবারের যন্ত্রণাদায়ক অপেক্ষা কেবল দীর্ঘায়িতই হচ্ছে।

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা: এখনও পরিচয় মেলেনি অর্ধশত মৃতদেহের

ছবি রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 06:06 PM

Updated : 05 Jul 2023, 06:06 PM

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় অন্তত ২৯৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ট্রেন দুর্ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনও অর্ধশত মৃতদেহের পরিচয় মেলেনি।

গত ২ জুন মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দেওয়ার পর যাত্রীবাহী একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উল্টে পড়ে, আরেকটি দ্রুতগতির ট্রেন ওই উল্টে পড়া বগিগুলোর উপর দিয়ে চলে গেলে এ বিপুল প্রাণহানি ঘটে।

ভারতে এক শতকের মধ্যে হওয়া অন্যতম এ প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় হাজারেরও বেশি লোক আহত হয়, জানিয়েছে বিবিসি।

দুর্ঘটনায় পড়া বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে, লাইনগুলো মেরামত করার পর সেখান দিয়ে ফের ট্রেন চলছে। তবে প্রিয়জনদের মৃতদেহ না পাওয়ায়, অনেক পরিবারের অপেক্ষা এখনও শেষ হয়নি।

সেই অপেক্ষারতদের একজন শিব চরণ। পশ্চিমবঙ্গের এই বাসিন্দা গত একমাস ধরে থাকছেন উড়িষ্যার ভুবনেশ্বরে একটি গেস্ট হাউসে। এটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) কাছে, এই সরকারি হাসপাতালেই পরিচয় শনাক্ত হয়নি এমন মৃতদেহগুলো রাখা আছে।

সব মিলিয়ে ৫২টি মৃতদেহ, হিমায়িত বাক্সে এগুলো সংরক্ষিত আছে। মৃতদেহগুলোর কোনো কোনোটির অবস্থা এতই খারাপ যে পরিবারের সদস্যদের পক্ষেও তাদের শনাক্ত করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে কথা হওয়া ভাই কৃষ্ণের মৃতদেহের খোঁজে নিয়মিতই এখন এআইআইএমএসে যেতে হচ্ছে শিব চরণকে। তার যন্ত্রণাদায়ক অপেক্ষা কেবল দীর্ঘায়িতই হচ্ছে।

তিনি জানান, এখন পর্যন্ত তিনি কেবল তার ভাইয়ের কিছু কাপড় শনাক্ত করতে পেরেছেন, কিন্তু ডিএনএ পরীক্ষার ফল না আসা পর্যন্ত তিনি মৃতদেহ দাবি করতে পারছেন না।

আরও অনেকের মতো শিব চরণও পরীক্ষার জন্য নিজের ডিএনএ নমুনা দিয়েছেন। কোনো মৃতদেহের একের অধিক দাবিদার থাকলে কর্তৃপক্ষ সাধারণত ডিএনএ পরীক্ষার আশ্রয় নেয়, যেন মৃত ব্যক্তি তার পরিবারের কাছেই ফিরতে পারেন।

“কখন যে (ডিএনএ) পরীক্ষার প্রতিবেদন আসবে, কেউ বলতে পারছেন না,” বলেন শিব, যিনি ভাইয়ের মৃতদেহ নিয়েই বাড়ি ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

“তার শেষকৃত্য ঠিকঠাক হোক, তাই চাই আমি,” বলেছেন তিনি।

শিবের মতোই অপেক্ষা করতে হচ্ছে দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তি আনজারুল হকের পরিবারের সদস্যদেরও।

স্ত্রী ও ছোট ছোট তিন সন্তান রেখে যাওয়া আনজারুলের বাড়িও পশ্চিমবঙ্গে।

স্বামীর মৃতদেহের খোঁজ না পাওয়া আনজারুলের স্ত্রী প্রায়ই কান্নায় ভেঙে পড়েন।

আনজারুলের ভাই এবং শ্যালকও ভুবনেশ্বরেই অবস্থান করছেন, নিয়ম করে যাচ্ছেন এআইআইএমএস হাসপাতালে। তারা ডিএনও নমুনাও দিয়েছেন, অপেক্ষায় আছেন প্রতিবেদনের।

“মাসখানেক পার হয়ে গেছে, আমরা এখনও তার মৃতদেহ নিয়ে কোনো তথ্য পাইনি,” বিবিসিকে বলেছেন আনজারুলের শ্যালক মোহাম্মদ করিম।

কৃষ্ণ আর আনজারুলের পরিবারের মতো অপেক্ষায় দিন কাটছে অনেক পরিবারের, দিন যত যাচ্ছে তাদের আশাও যেন একটু একটু করে ফিকে হয়ে আসছে।

কয়েকদিন আগেই কর্তৃপক্ষ ডিএনএ প্রতিবেদনের মাধ্যমে ২৯টি মৃতদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। এখনও বাকি আছে আরও ৫২টি।

ভারতের ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা বিশ্বজিৎ সাহু জানান, ভুলভ্রান্তি এড়াতে খুব সতর্কতার সঙ্গে কাজ করছেন তারা।

“রেলওয়ে কর্মকর্তা, উড়িষ্যা পুলিশ, ভুবনেশ্বর পৌরসভা ও এআইআইএমএসের কর্মীদের সহায়তা নিয়ে মৃতদেহের নিকটাত্মীয় শনাক্ত করা হচ্ছে,” বলেছেন তিনি।

তবে সময় যত যাচ্ছে, ততই অনেক মৃতদেহের পরিচয় শনাক্ত কঠিন হয়ে পড়ছে বলেও জানাচ্ছে কর্তৃপক্ষ।

দাবিদার নেই এমন মৃতদেহগুলো নিয়ে কী করা হবে, কতদিন সেগুলো সংরক্ষণ করা হবে তা নিয়ে প্রশ্নও উঠছে। সমাধান হিসেকে অনেকে গণকবর দেওয়ার কথাও বলছেন।

তবে ডিএনএ পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্বজিৎ সাহু।

মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনাটি হয়েছিল ২ জুন সন্ধ্যায়, বালেশ্বর জেলার বহানগা স্টেশনের কাছে। দুর্ঘটনায় জড়ানো যাত্রীবাহী দুটি ট্রেনে ৩ হাজারের বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হয়।

কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, ভারতের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা তা খতিয়ে দেখছে।