২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলকে সতর্ক করার পর ২ জিম্মির মৃত্যুর কথা জানালো হামাস

ইসরায়েল জানিয়েছে, এখনো হামাসের হাতে তাদের ১৩২ জন জিম্মি রয়েছে। আর জিম্মি অবস্থায় নিহত হয়েছে ২৫ জন।

ইসরায়েলকে সতর্ক করার পর ২ জিম্মির মৃত্যুর কথা জানালো হামাস

ফাইল ছবি: রয়টার্স

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 06:38 PM

Updated : 16 Jan 2024, 06:38 PM

গাজায় হামলা বন্ধ না করলে জিম্মিদের হত্যা করা হবে। আগের দিন এমন একটি ভিডিও প্রকাশ করার পর সোমবার আরেকটি ভিডিও প্রকাশ করে দুই ইসরায়েলি জিম্মি নিহত হওয়ার খবর দিয়েছে হামাস।

হামাসের দাবি করা নিহত দুই জিম্মি হলেন, ইওসি শারাবি (৫৩) এবং ইটাই সভিরস্কি (৩৮) । সোমবার প্রকাশ করা ভিডিওতে একটি সাদা দেয়ালের সামনে দাঁড়িয়ে ভয়ার্ত মুখে জোরে জোরে আরেক জিম্মি ২৬ বছরের নোয়া আরগামানিকে একটি স্ক্রিপ্ট পড়তে দেখা যায়। যেখানে বলা হয় ইওসি শারাবি এবং ইটাই সভিরস্কি ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। আর তিনি আহত হয়েছেন।

এই ভিডিও প্রকাশের আগের দিন রোববার হামাস যে ভিডিওটি প্রকাশ করেছিল যেখানে উপরের তিন জিম্মিকে দেখিয়ে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে তবে তারা তিন জিম্মিকে হত্যা করবে।

“আগামীকাল (সোমবার) এই জিম্মিদের ভাগ্য জানা যাবে।”

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ওই জিম্মিদের ভাগ্য নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার তিনি বলেন, “ইটাইকে আমাদের বাহিনী গুলি করেনি। হামাস তার সম্পর্কে মিথ্যা বলছে। তাদের যে ভবনে আটকে রাখা হয়েছে সেটিতে হামলা চালানো হয়নি এবং আমাদের বাহিনী সেখানে হামলা চালায়নি।”

তবে তিনি দ্বিতীয় জিম্মিকে নিয়ে কিছুই বলননি। শুধু বলেছেন, “কোথাও জিম্মিদের আটকে রাখা হয়েছে এমনটা জানতে পারলে আমরা সেখানে হামলা চালাই না।”

তবে ওই জিম্মিদের যে ভবনে আটকে রাখার কথা বলা হয়েছে তার আশেপাশে ইসরায়েল হামলা চালিয়েছে বলে স্বীকার করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সও স্বাধীনভাবে হামাসের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

গতবছর ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে মাত্র কয়েক ঘণ্টায় ১২শ’র বেশি মানুষকে হত্যা করে এবং ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায়। যার প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় তীব্র হামলা শুরু করে ইরায়েল, যে হামলা এখনো অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় গাজায় প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু।

মাঝে গত নভেম্বর মাসে এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় হামাস শতাধিক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। ইসরায়েল জানিয়েছে, এখনো হামাসের হাতে তাদের ১৩২ জন জিম্মি রয়েছে। আর জিম্মি অবস্থায় নিহত হয়েছে ২৫ জন।