সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ দিয়েছে সৌদি আরব
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন চীন, ভারত ও রাশিয়াসহ ইউরেশিয়াজুড়ে বিস্তৃত দেশগুলোর একটি রাজনৈতিক ও নিরাপত্তা ইউনিয়ন।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে (এসসিও) সংলাপের অংশীদার হিসেবে মর্যাদা দেওয়া সমঝোতা স্মারক অনুমোদন করেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ।
এরপর বুধবার দেশটির মন্ত্রীসভা এসসিও-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও রিয়াদ চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলছে। এসসিও চীন, ভারত ও রাশিয়াসহ ইউরেশিয়াজুড়ে বিস্তৃত দেশগুলোর একটি রাজনৈতিক ও নিরাপত্তা ইউনিয়ন।
এই অঞ্চলে পশ্চিমা প্রভাব মোকাবেলায় বৃহত্তর ভূমিকা পালনের উদ্দেশ্য নিয়ে ২০০১ সালে রাশিয়া, চীন ও মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো মিলে এসসিও গঠন করে। পরে ভারত ও পাকিস্তানকে অন্তর্ভুক্ত করে সংস্থাটি আরও বিস্তৃত হয়।
গত বছর ইরানও সংস্থাটির পূর্ণ সদস্য হওয়ার জন্য সবগুলো নথিতে স্বাক্ষর করেছে।
বিভিন্ন সূত্র রয়টার্সকে জানিয়েছে, গত ডিসেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌদি আরব সফরকালে এসসিওতে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
তারা জানিয়েছে, মেয়াদের মধ্যবর্তী পর্যায়ে সৌদি আরবকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আগে সংস্থাটিতে দেশটির প্রথম পদক্ষেপ হবে সংলাপে অংশীদার মর্যাদা।
মঙ্গলবার সৌদি আরামকো চীনে মাল্টি বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার পর সৌদি আরবের এসসিওতে যোগ দেওয়ার সিদ্ধান্তটি এল।
এই সংস্থাটির সদস্য দেশগুলো চলতি বছরের অগাস্টে রাশিয়ার চেলিয়াবিনস্কে একটি যৌথ ‘সন্ত্রাসবিরোধী মহড়া’ আয়োজনের পরিকল্পনা করেছে।
বেইজিংয়ের সঙ্গে রিয়াদের বাড়তে থাকা মিত্রতা তাদের ঐতিহ্যবাহী মিত্র ওয়াশিংটনে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। ওয়াশিংটন বলেছে, বিশ্বব্যাপী চীনের প্রভাব বিস্তারের উদ্যোগ মধ্যপ্রাচ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন করবে না।
সৌদি আরব ও পারস্য উপসাগরীয় অন্যান্য দেশ তাদের অঞ্চল থেকে প্রধান নিরাপত্তা জামিনদার যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে দাবি করে উদ্বেগ জানিয়েছে এবং অংশীদারে বৈচিত্র আনা শুরু করেছে। ওয়াশিংটন বলেছে, তারা ওই অঞ্চলের সক্রিয় অংশীদার হিসেবে অবস্থান বজায় রাখবে।
