২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরা, নাগাল্যান্ডের বিধানসভায় জিততে যাচ্ছে বিজেপি, মেঘালয়ে তৃতীয়, বলছে বুথফেরত জরিপ

বিজেপির এই অর্জনের উল্টোপিঠে কংগ্রেস এবার উত্তরপূর্বের রাজ্যগুলোতে সবচেয়ে বড় ধরা খেতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।

ত্রিপুরা, নাগাল্যান্ডের বিধানসভায় জিততে যাচ্ছে বিজেপি, মেঘালয়ে তৃতীয়, বলছে বুথফেরত জরিপ

ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 04:36 PM

Updated : 28 Feb 2023, 04:36 PM

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবার উত্তরপূর্বের রাজ্যগুলোতে নিজেদের অবস্থান আরও পোক্ত করতে যাচ্ছে বলে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপে আভাস পাওয়া গেছে।

বিভিন্ন জরিপ থেকে দেখা যাচ্ছে, ত্রিপুরা ও নাগাল্যান্ডে একক বা জোটগতভাবে ক্ষমতায় যাওয়ার পথেই রয়েছে হিন্দুত্ববাদী দলটি; মেঘালয়েও গতবারের দুইটি আসনের বিপরীতে এবার অন্তত ৭টি আসন ব্যাগে পুরতে পারে তারা।

তবে ২০১৮-র তুলনায় ত্রিপুরায় এবার তাদের ভোট কিছুটা কমতে পারে বলেও জরিপে আভাস মিলেছে বলে জানিয়েছে এনডিটিভি। 

পাঁচ বছর আগে ত্রিপুরার নির্বাচনে বিজেপি একক দল হিসেবেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।

বিজেপির এই অর্জনের উল্টোপিঠে কংগ্রেস এবার উত্তরপূর্বের রাজ্যগুলোতে সবচেয়ে বড় ধরা খেতে যাচ্ছে বলেই বলছে বুথফেরত জরিপ।

জরিপে নাগাল্যান্ড দলটি মাত্র একটি আর মেঘালয়ে ৬টি আসন পেতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে। অথচ আগের বিধানসভা নির্বাচনেও ওই অঞ্চলে আসনবিচারে কংগ্রেস-ই সবচেয়ে বড় দল ছিল।

বুথফেরত জরিপের ফল যে সবসময় সঠিক হয়, তাও নয়। বৃহস্পতিবার এই তিন রাজ্যের ভোট গণনা হবে।

চারটি বুথফেরত জরিপের একটি সম্মিলিত ফলে বিজেপি ত্রিপুরায় ৩২টি আসন পেতে যাচ্ছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে লাগে ৩১ আসন।

তিন দশকেরও বেশি সময় রাজ্যটি শাসন করা বামরা পেতে পারে ১৫টি আসন; তাদের মিত্র কংগ্রেস কোনো আসন পাবে না বলেই মনে হচ্ছে।

বৃহত্তর ত্রিপুরা চাওয়া প্রদ্যুত কিশোর দেববর্মার নতুন দল টিপরা মোথা ১২টি আসন নিয়ে চমক দেখাতে পারে।

শেষবার বিজেপি এই রাজ্যে ৩৬টি আসনে জিতেও ৮টি আসন জেতা ইন্ডিজেনাস প্রগ্রেসিভ ফ্রন্ট অব ত্রিপুরার সঙ্গে জোট গড়ে ক্ষমতায় ছিল। তবে এবার রাজ্যটির ক্ষমতায় যাওয়ার চাবিকাঠি টিপরা মোথার হাতে চলে যেতে পারে।

মেঘালয়ে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি ২০ আসন পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হতে পারে বলে আভাস মিলেছে চার জরিপের সম্মিলিত ফলে। বিজেপি পেতে পারে ৬-৭টি আসন, কংগ্রেস ৬টি। রাজ্যের রাজনীতিতে নতুন ঢোকা তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে পারে ১১টি আসন।

২০১৮ সালে কেবল দুটি আসনে জিতলেও কনরাড সাংমার সঙ্গে মিলে সরকার গড়েছিল বিজেপি। এবার দুর্নীতির অভিযোগ সাংমা ও বিজেপির বন্ধুত্বে ফাটল ধরানোর পর কেন্দ্রে ক্ষমতাসীন দলটি মেঘালয়ের ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে।

কিন্তু বুথফেরত জরিপের হিসাব বলছে, ফল ঘোষণার পর বিজেপি আর এনপিপি ফের জোট গড়লেও সরকার গড়তে পারবে না তারা। এ ক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসই হয়ে উঠতে পারে কিংমেকার।

নাগাল্যান্ডে বিজেপি-এনডিপিপি জোট ৪২টি আসনে জিতবে বলে ইঙ্গিত দিচ্ছে বুথফেরত জরিপ, এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য লাগে মাত্র ৩১টি আসন। এনপিএফ জিততে পারে ৬টি আসন, আর কংগ্রেস একটি, বলছে বুথফেরত জরিপ।