Published : 18 Apr 2026, 09:50 PM
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধকে 'যুদ্ধবিরতির লঙ্ঘন' বলে অভিহিত করেছে তেহরান।
দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) সাফ জানিয়ে দিয়েছে, এই অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসএনএসসি জানায়, “শত্রুপক্ষ যতক্ষণ জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে এবং নৌ-অবরোধ বহাল রাখবে, ততক্ষণ ইরান একে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করবে।”
বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি শর্তসাপেক্ষে ও সীমিত আকারে খুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে, সেটিও আটকে দেবে ইরান।
পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে ওয়াশিংটন নতুন কিছু প্রস্তাব দিয়েছে বলে নিশ্চিত করেছে এসএনএসসি। পরিষদটি জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাবগুলো তেহরান ‘পর্যালোচনা’ করে দেখছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি তেহরান।
প্রসঙ্গত, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এই সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, তেহরান “যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।”