Published : 10 Nov 2025, 01:05 AM
ফিলিপিন্সে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে সুপার টাইফুন ফুং-ওং। প্রবল বৃষ্টি ও বাতাসের তাণ্ডবের মধ্যে এ পর্যন্ত দু্ই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ঝড়ের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল প্রায় ১০ লাখ মানুষকে।
আবহাওয়া ব্যুরো পাগাসা জানিয়েছে, রোববার ঘূর্ণিঝড়টি ফিলিপিন্সের সবচেয়ে জনবহুল লুজন দ্বীপের উত্তর অংশ অতিক্রম করেছে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) এবং ২৩০ কিলোমিটার (১৪০ মাইল) বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে।
ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে ২২৪ জনের প্রাণহানির ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ফিলিপিন্স আরেক টাইফুন 'ফুং-ওং' এর কবলে পড়েছে। কালমায়েগি ভিয়েতনামেও ৫ জনের প্রাণ কেড়েছিল।
ফিলিপিন্সের লুজন দ্বীপের ইসাবেলা প্রদেশে একটি বাস্কেটবল কোর্টে পরিবারসমেত আশ্রয় নেওয়া ক্রিস্টোফার নামের একজন বলেন, “খবর পেয়েছিলাম এই ঝড়টা খুবই শক্তিশালী হবে, তাই আমরা আগেই আশ্রয়ে চলে আসি।”
তিনি জানান, আগের বন্যার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরিবারটি ঘরছাড়া হওয়ার আগে জিনিসপত্র ছাদে তুলে রেখেছে। “আমরা ভয় পাচ্ছি। আমাদের নাতি-নাতনিদের সঙ্গে এখানে আশ্রয়ে আছি,” বলেন ক্রিস্টোফার।
আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত বাস্কেটবল কোর্টটিতে তাঁবু, প্লাস্টিক চেয়ারে বসে থাকা বয়স্ক মানুষ এবং ছুটোছুটি করা শিশুদের দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, লুজন ও ইস্টার্ন ভিসায়াস দ্বীপেই ঝড়ের প্রাথমিক আঘাত সবচেয়ে বেশি ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, একজন পানিতে ডুবে মারা গেছেন এবং অন্য একজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। ঝড়টি স্থলভাগ অতিক্রম করার পর ক্রমেই দুর্বল হতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া ব্যুরো পাগাসা।
ওদিকে, ক্যাথলিক অধ্যুষিত ফিলিপিন্সের জনগণের জন্য প্রার্থনা করেছেন পোপ লিও। রোববার এক ভাষণে তিনি বলেন, “ফিলিপিন্সের মানুষদের জন্য আমি প্রার্থনা করছি, যারা ভয়াবহ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিহতদের আত্মার শান্তি ও আহত ও বাস্তুচ্যুতদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”
লুজন দ্বীপের অরোরা প্রদেশে টাইফুন আঘাত হানার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যদিও মোবাইল নেটওয়ার্ক সচল ছিল বলে ‘ডিজেডবিবি’ বেতারকে জানিয়েছেন স্থানীয় দুর্যোগ কর্মকর্তা চেং কুইজোন।
অন্যদিকে, রাজধানী ম্যানিলার কাছে সাংলেই বিমানবন্দর এবং দক্ষিণের বিকোল এয়ারপোর্টসহ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সুপার টাইফুন ফুং-ওং সোমবার সকালে ফিলিপিন্সের উত্তর উপকূল পেরিয়ে সমুদ্রে প্রবেশ করবে এবং দুর্বল হতে হতে বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া ব্যুরো পাগাসা।