Published : 27 May 2026, 07:49 PM
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে ভারি বর্ষণ ও ভূমিধসের পর জলমগ্ন একটি গুহার ভেতরে এক সপ্তাহ ধরে আটকা পড়ে থাকা পাঁচ গ্রামবাসীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
তবে তাদের সঙ্গে আটকা পড়া অন্য দুই গ্রামবাসী এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন এই অভিযানে অংশ নেওয়া লাওস ও থাইল্যান্ডের উদ্ধারকারী দল।
নিখোঁজ ও উদ্ধার হওয়া ব্যক্তিরাসহ মোট ৭ জন গত সপ্তাহের বুধবার লাওসের মধ্যাঞ্চলীয় প্রদেশ জাইসোম্বুন-এর একটি গুহায় সোনা ও বন্যপ্রাণীর সন্ধানে প্রবেশ করেছিলেন।
কিন্তু ভারি বৃষ্টির ফলে গুহার প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বাইরে বের হতে পারেননি।
উদ্ধারকারীদের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, গুহায় উদ্ধারকারীরা কাদা পানিতে প্রায় সম্পূর্ণ নিমজ্জিত এবং অত্যন্ত সংকীর্ণ পথে হামাগুড়ি দিয়ে ভেতরে প্রবেশ করছেন।
লাওসের ‘রেসকিউ ভলান্টিয়ার ফর পিপল’ নামক স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা বুঙ্খাম লুয়াংলাথ গণমাধ্যমকে জানান, নিখোঁজ বাকি দুইজনের জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে।
একটি ভয়েস মেসেজে তিনি আবেগপ্লুত কণ্ঠে বলেন, “আমি এখনও কাঁপছি। আমাদের দল শেষ পর্যন্ত এটি সফল করে দেখিয়েছে।”
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মাটির গভীর পর্যন্ত বিস্তৃত এই গুহাটির ভেতরের পথ অত্যন্ত সংকীর্ণ; যার কিছু কিছু চেম্বার বা কক্ষের প্রশস্ততা ছিল মাত্র ৫০ সেন্টিমিটার (প্রায় ২০ ইঞ্চি)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লাওসের ওই উদ্ধারকারী দল জানায়, “আমরা পাঁচজনকে জীবিত ও সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করেছি। তবে এখনও দুইজন নিখোঁজ রয়েছেন, যাদের খোঁজে তল্লাশি চলছে।”
থাইল্যান্ডের উদ্ধারকর্মী কেংকাচ ব্যাংকাওং ফেইসবুকে জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় (জিএমটি ০৯:৩০) ওই গ্রামবাসীদের সন্ধান মেলে।
উল্লেখ্য, কেংকাচ ২০১৮ সালে থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি পাহাড়ি গুহায় বন্যা ও পানির কারণে দুই সপ্তাহ ধরে আটকে থাকা ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারের ঐতিহাসিক অভিযানেও অংশ নিয়েছিলেন।
বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা থাইল্যান্ডের সেই অলৌকিক উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের ১০ হাজারেরও বেশি বিশেষজ্ঞ।
সেই ঘটনা অবলম্বনে পরবর্তীতে ‘থার্টিন লাইভস’ এবং ‘দ্যা রেসকিউ’ এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রও নির্মিত হয়েছে।