১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তর ইরাকে হামলায় এক ফরাসি সেনা নিহত, কয়েকজন আহত: মাক্রোঁ

ইরাকের ইরানঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ফরাসি সেনাদের ওপর এ হামলাসহ যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও সরঞ্জামে ডজনের বেশি হামলা চালানোর দাবি করেছে।

উত্তর ইরাকে হামলায় এক ফরাসি সেনা নিহত, কয়েকজন আহত: মাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 03:56 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি অঞ্চলে এক হামলায় এক ফরাসি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

এরবিল অঞ্চলে দায়িত্বরত চিফ ওয়ারেন্ট অফিসার আর্নো ফ্রিও ‘ফ্রান্সের জন্য মরেছেন’, বৃহস্পতিবার মাক্রোঁ এমনটাই বলেছেন। তিনি ফরাসি সেনাদের ওপর ‘নজিরবিহীন’ হামলার নিন্দাও জানান।

“ইরাকে তাদের উপস্থিতি পুরোপুরি সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। ইরানে যুদ্ধ এই ধরনের হামলাকে ন্যায্যতা দিতে পারে না,” এক্সে দেওয়া পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট এ কথা বলেন বলে জানিয়েছে আল জাজিরা। 

আরও কয়েকজন ফরাসি সৈন্য আহত হয়েছে জানালেও এ প্রসঙ্গে খুব বেশি কিছু বলেননি মাক্রোঁ। 

“ফ্রান্স তাদের ও তাদের প্রিয়জনদের পাশে আছে,” বলেছেন তিনি। 

জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (পরে আইএসআইএস নাম নেয়) মোকাবেলায় আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ২০১৫ সাল থেকেই ফরাসি সেনারা ওই অঞ্চলে অবস্থান করছেন। 

ইরাকের ইরানঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ফরাসি সেনাদের ওপর এ হামলাসহ যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও সরঞ্জামে ডজনের বেশি হামলা চালানোর দাবি করেছে। 

একাধিক ইরানঘনিষ্ঠ গোষ্ঠী যুক্তরাষ্ট্রের ঘাঁটি, মিশন ও স্বার্থ সংশ্লিষ্ট একাধিক স্থানে একের পর এক হামলা চালিয়ে ইরাককে ক্রমশ ‘দ্বিতীয় যুদ্ধক্ষেত্রে’ বানিয়ে তুলছে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা।  

“তারা মার্কিন স্বার্থ, সামরিক ঘাঁটি, এরবিলের কনস্যুলেট, বাগদাদের দূতাবাস ও বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে থাকা ভিক্টোরি ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে বুঝতে পারছি আমরা,” বলেছেন আল-জাজিরার এক প্রতিবেদক। 

শুক্রবার আরেক ইরানপন্থি গোষ্ঠী আসহাব আহল আল-কাহফ এক বিবৃতিতে বলেছে, ইরাক ও এই অঞ্চলে থাকা ফরাসি স্বার্থসংশ্লিষ্ট সবকিছু ‘নিশানায় পরিণত হবে’। 

মাক্রোঁর বিবৃতির আগেরদিনই ফরাসি সেনাবাহিনী ইরাকের এক সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার কথা জানিয়েছিল।

ফ্রান্সের সামরিক কর্মকর্তারা বলেছিলেন, ওই হামলায় ছয় সেনা আহত হয়েছে। মাক্রোঁ যে আহত সেনাদের কথা বলেছেন তারা ওই ছয়জনের মধ্যে আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।  

এদিকে বৃহস্পতিবার ইতালি জানায়, আগের রাতে এরবিলে তাদের ঘাঁটিও হামলার শিকার হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। 

দিনকয়েক আগে মাক্রোঁ বলেছিলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে তিনি ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গল’কে ভূমধ্যসাগরে এবং সাইপ্রাসে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট পাঠাচ্ছেন।