২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনারা ইরানের আশপাশেই থাকবে, চুক্তি না মানলে ব্যবস্থার হুমকি ট্রাম্পের

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে ইরান শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার হুমকি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের দিক থেকে এ প্রতিক্রিয়া এল।

মার্কিন সেনারা ইরানের আশপাশেই থাকবে, চুক্তি না মানলে ব্যবস্থার হুমকি ট্রাম্পের
যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তেহরানের রাস্তায় মানুষের পদচারণা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 01:00 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের নৌযান, সামরিক উড়োজাহাজ ও সেনারা ইরানের আশপাশেই থাকবে এবং তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি না মেনে চলে তাহলে যুক্তরাষ্ট্র ফের ‘গোলাবর্ষণ’ শুরু করবে।  

“সব মার্কিন নৌযান, বিমান ও সামরিক বাহিনীর সদস্য, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র সব ইরানের আশপাশেই থাকবে, যতক্ষণ না প্রকৃত চুক্তি পুরোপুরি মেনে চলা হয়। 

“যদি কোনো কারণে তা না মানা হয়, যা হওয়ার সম্ভাবনা কম, তাহলে ফের ‘গোলাবর্ষণ’ শুরু হবে, আরও বড়, আর ভালো ও শক্তিশালীভাবে, যা আগে কেউ কখনো দেখেইনি,” বুধবার নিজের ট্রুথ সোশালে ট্রাম্প এ কথাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর আগে সেদিনই ইরান বলেছিল, লেবাননে ইসরায়েল যে তাণ্ডব চালাচ্ছে ও শত শত মানুষ হত্যা করছে, তারপর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া ‘অযৌক্তিক’ হবে। 

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও যোজন যোজন দূরত্ব দেখা যাচ্ছে। ট্রাম্প বলছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়েছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ বলেছেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তেহরান তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে পারবে। 

লেবাননে ইসরায়েলি হামলার পর শান্তি আলোচনা 'অযৌক্তিক' হবে, বলছে ইরান

লেবানন নিয়ে শান্তি আলোচনা ভেস্তে দিলে ‘বোকামি’ করবে ইরান: জে ডি ভ্যান্স