২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ১০ মিনিটে অনলাইন ডেলিভারি, বিপাকে মুদি দোকানিরা

দশকের পর দশক ধরে ব্যবসা চালিয়ে আসা মুদি দোকানিরা ডিজিটাল এই যুগের সঙ্গে তাল মেলাতে না পারলে তাদেরকেও হয়ত একসময় দোকানের ঝাঁপ নামিয়ে ফেলতে হবে।

ভারতে ১০ মিনিটে অনলাইন ডেলিভারি, বিপাকে মুদি দোকানিরা
অনলাইন অ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ গয়ে গেছে হাজারো মুদি দোকান। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2025, 07:49 PM

Updated : 26 Aug 2026, 12:28 PM

ভারতের পশ্চিমবঙ্গের বেশ আলোড়ন সৃষ্টি করা সিনেমা “শংকর মুদি”। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের এই সিনেমায় দেখা যায়, কীভাবে একটি পুরোনো, পাড়াভিত্তিক মুদি দোকান এক এক করে হারিয়ে ফেলে পুরোনো খোদ্দের আর প্রভাব। এলাকায় একটা শপিং মল হওয়ার পরই শংকর মুদির দোকান হয়ে যায় পাড়ার লোকের কাছে “ব্যাকডেটেড”। 

ভবেনদা দোকান বন্ধ করে সবাইকে পুঁজিবাদের বিরুদ্ধে মিছিলে যেতে বলেন। সেই ভবেনদাই পরে শপিং মলের দালালি শুরু করেন। বড় পুঁজি গ্রাস করে নেয় ছোট পুঁজিকে। গ্লোবালাইজেশনের ধাক্কা এসে লাগে পাড়ার নড়বড়ে দরজায়। হঠাৎ পাল্টে যেতে থাকে সব কিছু।

সেই সিনেমার গল্পই এখন বাস্তব হয়ে উঠেছে ভারতের অনেক শহরে। তবে এবার আর শপিংমল নয়, বরং ১০ মিনিটে মুদি পণ্য পৌঁছে দেওয়া অ্যাপ নির্ভর ‘কুইক কমার্স’ হয়ে দাঁড়িয়েছে হুমকি। 

ভারতের বড় শহরগুলোতে ঘরে বসে অর্ডার করার ১০ মিনিটের মধ্যে মুদি পণ্য বাসায় পৌঁছে যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন বাসার কাছের মুদি ব্যবসায়ীরা। তাদের ব্যবসা কমে যাচ্ছে।

ভারতের মুম্বাইয়ের ব্যস্ত বিপণি এলাকার গলির ভেতরের একটি পুরোনো মুদি দোকানের ব্যবসা ঠিক এভাবেই উঠে যাওয়ার পথে রয়েছে। রামজি ধারোদের এই মুদি দোকানটি প্রায় ৭৫ বছর পুরোনো। তার বাবার হাতেই শুরু হয়েছিল এই দোকান। 

ধারোদ সেই ১০ বছর বয়স থেকেই বাবার সঙ্গে দোকানে যেতেন। এখন অধিকাংশ সময়ই দোকানে খালি বসে থাকেন ধারোদ। “আগে নিঃশ্বাস ফেলার সময় পেতাম না, আর এখন মাঝেসাঝে একজন খোদ্দের আসেন,” বলেন তিনি। 

দোকানে পড়ে থাকা বিস্কুট আর স্ন্যাকসের কার্টনে লেখা আছে- ‘স্টক ক্লিয়ারেন্স সেল’। দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন ধারোদ। 

ভারতে শহুরে এলাকায় ১০ মিনিটে অনলাইন কেনাকাটার জন্য সুইগি জোমাটো, ব্লিংকিট ও জেপটোর মতো বেশ কয়েকটি ‘কুইক কমার্স’অ্যাপ এর নতুন  ট্রেন্ডের কারণে আশেপাশের শত-সহস্র ছোট মুদি দোকান বন্ধ হয়ে গেছে। 

দোকানের মালপত্র বিতরণকারীদের একটি গ্রুপ বলেছে, গত অক্টোবরে মুদি দোকানের সংখ্যা ছিল আনুমানিক ২ লাখ। চেন্নাইয়ের সিটি কর্পোরেশন বলছে, গত পাঁচ বছরে শহরটিতে ২০ শতাংশ ছোট মুদি দোকান এবং ৩০ শতাংশ বড় দোকান (ডিপার্টমেন্টাল স্টোর) বন্ধ হয়ে গেছে। 

ধারোদের পাশেই দোকান করেন সুনীল কেনিয়া। বিবিসি-কে তিনি বলেন, দোকানের জায়গাটা নিজেদের বলেই এখনও তিনি টিকে আছেন। যারা ভাড়ায় দোকান চালাতেন তারা বেশিরভাগই ব্যবসা গুটিয়ে ফেলেছেন। 

 সুনীলের কথায়, “কোভিড মহামারীর সময়কার লকডাউনের পর থেকেই ব্যবসা পড়তে শুরু করে। এখন যা করি, সেটা আগের তুলনায় অর্ধেকও না।”এখন তার আয়ের বড় অংশই আসে হকার বা স্ট্রিট ফুড বিক্রেতাদের কাছে পাইকারি ব্যবসা থেকে। সাধারণ খুচরা ক্রেতারা আসেনা বললেই চলে। 

অন্যদিকে, শহরের অনেকেই বলছেন, অনলাইন কেনাকাটা তাদের জীবন অনেক সহজ করেছে। যেমন মুম্বাইয়ের গ্রাফিক ডিজাইনার মনিষা সাতে এখন আর সাপ্তাহিক বাজারে যান না। “আগে বাজার করা ছিল বিরাট ঝক্কি। গাড়ি নিয়ে বাজার গেলে গলির মধ্যে ঢোকা, পার্কিং খোঁজা- সবই বিরক্তিকর ছিল”, বলেন মনিষা।  

১০ জন খুচরা ব্যবসায়ীর মধ্যে তিনজনই কুইক কমার্সের প্রভাবে তাদের ব্যবসা কমে যাওয়ার কথা বলছেন। ছবি: বিবিসি

১০ জন খুচরা ব্যবসায়ীর মধ্যে তিনজনই কুইক কমার্সের প্রভাবে তাদের ব্যবসা কমে যাওয়ার কথা বলছেন

কনসালটেন্সি সংস্থা পিডাব্লিউসি- র এক জরিপে দেখা গেছে, ভারতের বড় শহরের ৪২ শতাংশ নাগরিকই দ্রুত ডেলিভারি থেকে কেনাকাটা করতে বেশি পছন্দ করেন, বিশেষ করে জরুরি প্রয়োজন মেটাতে। আর এই পরিবর্তনের কারণে ১০ জন খুচরা ব্যবসায়ীর মধ্যে তিনজনই তাদের ব্যবসায় এর নেতিবাচক প্রভাবের কথা বলছেন। অনেকের ক্ষেত্রে জরুরি পণ্য বিক্রি কমে গেছে ৫২ শতাংশ পর্যন্ত।

তবে বিশ্লেষকরা বলছেন, অন্তত এখন পর্যন্ত ‘কুইক কমার্স’ পরিষেবা মূলত ৩-৪টি বড় শহর কেন্দ্রিক। তাদের প্রায় সব পণ্য বিক্রিই এই শহরগুলোতে হয়। মেট্রো শহরগুলোর ঘনবসতির কারণে সেখানে সস্তায় কেবল অনলাইন ডেলিভারির জন্য ‘ডার্ক স্টোর’ চালানো সম্ভব হচ্ছে এবং  ব্যবসা সফল হচ্ছে।

তবে ছোট শহরগুলোর বিক্ষিপ্ত জনসংখ্যা এবং বাজার ভেদে ভিন্ন চাহিদার কারণে মেট্রো শহরগুলোর বাইরে চটজলদি পণ্য ডেলিভারি পরিষেবার প্রসার ঘটানো এবং আয় করা ব্যয়বহুল হতে পারে বলেই মত বিশ্লেষকদের। তবুও দীর্ঘমেয়াদে অনলাইন ডেলিভারির প্রভাব যে বাণিজ্যে পড়বে তা অনেকটাই সন্দেহাতীত।

বেইন অ্যান্ড কোম্পানির পূর্বাভাস, ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ৪০ শতাংশ হারে বাড়বে কুইক কমার্স। 

অনলাইন ডেলিভারি অ্যাপগুলোর প্রসারের বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করেছে বাণিজ্য সংগঠনগুলো। ছবি: বিবিসি

অনলাইন ডেলিভারি অ্যাপগুলোর প্রসারের বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করেছে বাণিজ্য সংগঠনগুলো

এই প্রবণতা নিয়ে উদ্বিগ্ন ভারতের ঐতিহ্যবাহী খুচরা বিক্রেতারা। ‘অল ইন্ডিয়া  ট্রেডার্স এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস ফেডারেশন’ এর মতো বাণিজ্য সংগঠনগুলো সরকারের কাছে অনলাইন ডেলিভারি অ্যাপগুলোর দ্রুত প্রসারের বিরুদ্ধে আবেদন করেছে।

তবে কুইক কমার্স কোম্পানির এক কর্মকর্তা বিবিসি-কে বলেছেন, বাজারে যাওয়ার ভয়াবহ অভিজ্ঞতা যাদের হয়েছে, তাদের জন্য বাস্তবতার চ্যালেঞ্জ সমাধান করে দিচ্ছে অনলাইন ডেলিভারি।

তিনি আরও বলেন, “নারী বা প্রবীণদের কথা ভাবুন—অনেকেই হয়রানির শিকার হন বা যানজট, খানা-খন্দের মধ্যে দিয়ে যেতে চান না। আবার অনেক ছোট ব্র্যান্ড আছে, যারা কখনও বড় দোকানগুলোতে জায়গা পায় না। অনলাইনের মাধ্যমে তারা আজ বাজারে জায়গা পেয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, ভারত এক বৈচিত্রময় দেশ—বিভিন্ন পর্যায়ের অর্থনৈতিক উন্নয়ন, আয়, অবকাঠামো ইত্যাদির কারণে সব ধরণের ব্যবসা মডেল—মুদি দোকান, সংগঠিত বড় খুচরা বিক্রেতা এবং কুইক কমার্স প্ল্যাটফর্ম—সবই দেশটিতে সহাবস্থান করবে।

তবে বর্তমান পরিস্থিতিতে একটি বোতাম টিপেই দ্রুত পণ্য ডেলিভারি পাওয়ার ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করার মানে হচ্ছে, শংকর মুদি, বা ধারোদ মুদির মতো দোকানিরা যারা দশকের পর দশক ধরে দোকান চালিয়ে আসছে, তারা যদি ডিজিটাল এই যুগের সঙ্গে তাল মিলিয়ে কোনও নতুনত্ব আনতে না পারে, তাহলে হয়ত একসময় সিনেমার মতো তাদের গল্পও শেষ হবে দোকানের ঝাঁপ নামিয়ে।