Published : 02 Feb 2026, 03:21 PM
ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ দুই জেনারেল।
শুক্রবার বৈঠকটি হয়েছে বলে পরিচয় প্রকাশ না করার শর্তে রোববার রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
তারা জানান, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ইয়াল জমির।
তবে বৈঠকে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তার বিস্তারিত জানাননি ওই কর্মকর্তারা। এই বৈঠক নিয়ে এর আগে কোনো খবরও হয়নি।
ইরানি কর্তৃপক্ষ তিন বছরের মধ্যে ফের দেশটিকে নাড়িয়ে দেওয়া সবচেয়ে বড় বিক্ষোভ দমন করেছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠেছে। এসব নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই পেন্টাগনে রুদ্ধদ্বার বৈঠক করলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ দুই জেনারেল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত কিছু দিন ধরে বারবার ইরানকে হুমকি দিয়েছেন। এরমধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি ও বিমান প্রতিরক্ষা মজবুত করেছে মার্কিন বাহিনী। এসব পদক্ষেপের মাধ্যমে চাপ সৃষ্টি করে ইরানকে আলোচনার টেবিলে নিয়ে আসতে চাইছেন ট্রাম্প।
রোববার ইরানের নেতৃবৃন্দ পাল্টা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতের রূপ নেবে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানায়, জেনারেল জমির ওয়াশিংটন থেকে ফেরার পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তার সঙ্গে সাক্ষাৎ করেছেন । বৈঠকে তারা আঞ্চলিক পরিস্থিতি ও কোনো সম্ভাব্য ‘দৃশ্যকল্প তৈরি হলে তা মোকাবেলায় ইসরায়েলের সামরিক বাহিনীর কার্যকরী প্রস্তুতি’ পর্যালোচনা করেছেন।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার
এবার ইউরোপীয় সেনাবাহিনীকে 'সন্ত্রাসী গোষ্ঠী' ঘোষণা ইরানের