১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিত্ররা হরমুজ নিয়ে সাহায্যের আহ্বানে সাড়া না দেওয়ায় হতাশ ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহ পার করছে কিন্তু শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।

মিত্ররা হরমুজ নিয়ে সাহায্যের আহ্বানে সাড়া না দেওয়ায় হতাশ ট্রাম্প
হোয়াইট হাউজের ওভাল দপ্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 11:45 AM

Updated : 26 Aug 2026, 03:11 PM

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারগুলোকে পাহারা দিতে যুদ্ধজাহাজ পাঠানোর মার্কিন আহ্বান বেশ কয়েকটি মিত্র দেশ প্রত্যাখ্যান করায় হতাশ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

দশকের পর দশক ধরে মার্কিন সমর্থন পাওয়া পশ্চিমা মিত্র দেশগুলোর সমালোচনা করে তাদের ‘অকৃতজ্ঞ’ বলে অভিহিত করেছেন তিনি, জানিয়েছে রয়টার্স। 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহ পার করছে কিন্তু শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। বিশ্বের ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যে জলপথ দিয়ে পরিবাহিত হয় সেই হরমুজ প্রণালি ১৮ দিন ধরে কার্যত বন্ধ হয়ে আছে। এতে জ্বালানির দাম চড়ছে আর মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিচ্ছে।  

ইরান যুদ্ধের কারণে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ঘাঁড়ে অর্থনৈতিক ব্যয়ের বোঝা চেপেছে কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রটিতে বিমান হামলা শুরুর আগে এ নিয়ে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। বরং ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর থেকে এসব মিত্ররা কঠোর সমালোচনা ও যুদ্ধংদেহী হুমকির শিকার হয়েছেন।    

জার্মানি, স্পেন ও ইতালিসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু মিত্র দেশ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ওই কৌশলগত জলপথ ফের উন্মুক্ত করতে সাহায্য করার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর আশু কোনো পরিকল্পনা তাদের নেই। ইরান ড্রোন ও মাইন দিয়ে কার্যকরভাবে জলপথটি বন্ধ করে রেখেছে।

হরমুজ প্রণালিতে তেলের ট্যাঙ্কার। ছবি: রয়টার্স 

হরমুজ প্রণালিতে তেলের ট্যাঙ্কার

সোমবার বার্লিনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস বলেছেন, “বুনিয়াদি আইন অনুযায়ী জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা নেটোর প্রয়োজনীয় অনুমোদন আমাদের নেই।” 

তিনি আরও জানান, ইরান যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়ে জার্মানির সঙ্গে কোনো পরামর্শ করেনি।  

এর আগে হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, অনেকগুলো দেশ তাকে জানিয়েছিল যে তারা সাহায্য করতে প্রস্তুত। কিন্তু ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্রদের নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। 

তিনি বলেন, “কেউ কেউ এ বিষয়ে খুব উৎসাহী আবার অনেকে তা না। এমন অনেক দেশ আছে যাদের অনেক, অনেক বছর ধরে আমরা সাহয্য করে আসছি। আমরা তাদের বাইরের ভয়ঙ্কর উৎসগুলো থেকে রক্ষা করেছি কিন্তু তারা উৎসাহী নয়। আর উৎসাহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। 

“দেশগুলো বলছে এতে বরং না জড়ালেই ভালো। আমি জানি আমরাই তাদের রক্ষা করব, কিন্তু আমাদের যদি কখনো সাহায্যের প্রয়োজন হয়, তবে তাদের পাশে পাওয়া যাবে না।

“সাহায্য চেয়েছি মানে এটা নয় যে তাদের আমাদের প্রয়োজন; বরং দেখতে চেয়েছি তারা কেমন প্রতিক্রিয়া দেখায়।”   

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বান সরাসরি নাকচ করেছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, জার্মানি, অষ্ট্রেলিয়া ও জাপান। 

আরও পড়ুন: 

ট্রাম্পের সামনে ২ পথ, দুটোই বিপদে ভরা

হরমুজ সচলে সাহায্য না করলে নেটোর 'ভবিষ্যৎ খুব খারাপ' হবে: ট্রাম্প

হরমুজ খুলতে চীনের সাহায্য চান ট্রাম্প, সফর পেছানোর ইঙ্গিত