২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের ১০ আরোহীর খোঁজে জাপান

সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটি মিয়াকোজিমার দ্বীপের একটি ঘাঁটি থেকে রওনা হওয়ার পর নিখোঁজ হয়ে যায়।

বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের ১০ আরোহীর খোঁজে জাপান

জাপানের কোস্টগার্ড, সামরিক জাহাজ ও বিমানগুলো বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খোঁজ পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 04:49 PM

Updated : 07 Apr 2023, 04:49 PM

জাপানের দক্ষিণপূর্বাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মিয়াকোজিমার কাছে সাগরে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের ১০ আরোহীর খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।   

বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে জাপানের গ্রাউন্ড সেল্ফ ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মোরিশিতা জানিয়েছেন, ব্ল্যাক হক নামে পরিচিত ইউএইচ৬০ সেনা পরিবহনকারী হেলিকপ্টারটি মিয়াকোজিমার জিএসডিএফ এর একটি ঘাঁটি থেকে রওনা হওয়ার পর রাডার থেকে হারিয়ে যায়। 

হেলিকপ্টারটি মিয়াকোজিমার চারপাশের নজরদারি মিশনের অংশ হিসেবে সাগরে টহল দিচ্ছিল বলে জানিয়েছেন মোরিশিতা।

পূর্ব চীন সাগর থেকে প্রশান্ত মহাসাগরে ভ্রমণরত চীনের নৌবাহিনীর জাহাজগুলো প্রায়ই মিয়াকোজিমার পাশ দিয়ে যায়। জিএসডিএফের মোবাইল জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর অবস্থান এই দ্বীপটিতে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে মার্কিন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির বৈঠককে কেন্দ্র করে গত চারদিন ধরে চলা উত্তেজনার মধ্যে চীনের অন্তত তিনটি যুদ্ধজাহাজ মিয়াকোজিমা দ্বীপের পাশ ঘেঁষে গিয়েছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটি চীনের সামরিক বাহিনীর কোনো তৎপরতাকে অনুসরণ করার কাজে রত ছিল কিনা মোরিশিতা তা জানাননি।

জাপানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকের সম্প্রচারিত মন্তব্যে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, এখন জাপান সরকারের অগ্রাধিকার হেলিকপ্টারটিতে যারা ছিল তাদের উদ্ধার করা।

 হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর থেকে এর চার ক্রু ও ছয় যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে জিএসডিএফের জ্যেষ্ঠ কমান্ডার ইউইচি সাকামোতোও আছেন বলে জানা গেছে।

জাপানের কোস্টগার্ড, সামরিক জাহাজ ও বিমানগুলো বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেলেও এর আরোহীদের খোঁজ এখনও পায়নি।