Published : 16 Jul 2025, 09:59 PM
সিরিয়ার রাজধানী দামেস্কে শক্তিশালী বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। দামেস্কের সেনা সদরদপ্তরে হামলা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রণালয় ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল।
দ্রুজ সম্প্রদায়ের মানুষদেরকে রক্ষায় ইসরায়েল এ হামলা চালাচ্ছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে এই সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালানো সরকারি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলায় একজন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে। ওদিকে, দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের হামলায় তিন নেতৃস্থানীয় সিরীয় কমান্ডার নিহত হয়েছেন।
বিবিসি-র খবরে বলা হয়, দামেস্কে প্রতিরক্ষামন্ত্রণালয়ে হামলায় ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। ভবনটি আংশিক ধ্বংস হয়ে গেছে। ছবিতে ভবনের সামনে এবং রাস্তার চারপাশে ধ্বংসস্তুপ দেখা গেছে।
এলাকাটিতে নিরাপত্তা বাহিনী কাজ করছে। এ কারণে সেখানে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ইসরায়েলের সামরিক এক কর্মকর্তা জানান, ইসরায়েলি সেনাবাহিনী দামেস্কের একটি সামরিক সদরদপ্তরের প্রবেশপথে এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
গত কয়েকদিন ধরে ইসরায়েলের সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরিয়ার সরকারি বাহিনী হস্তক্ষেপ করলে তাদের সঙ্গে দ্রুজদের সংঘাত শুরু হয়।
এই পর্যায়ে ইসরায়েলি বাহিনী সেখানে হস্তক্ষেপ করে। সোমবার তারা ওই অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা চালানোর পর মঙ্গলবার ফের হামলা চালায়।
ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা বলেছেন, সিরিয়া বাহিনী দ্রুজদের ওপর হামলা ঠেকাচ্ছে না। তারা বরং সমস্যা তৈরি করছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়া বাহিনীকে বিপর্যস্ত করে দিতে সুইদায় শক্তি দিয়ে লড়ে যাবে যতক্ষণ না সরকারি বাহিনী পুরোপুরি সেখান থেকে সরে যায়।