২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার তেল আমদানি থেকে সরে আসবে ভারতের কিছু পরিশোধনাগার

ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করার আশ্বাস দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পর পরিশোধনাগারগুলো এই প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার তেল আমদানি থেকে সরে আসবে ভারতের কিছু পরিশোধনাগার
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

ভারতের কিছু তেল শোধনাগার রাশিয়ার তেল আমদানি থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে। তিন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার তেল কেনা বন্ধ করবেন এমন আশ্বাস দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পরিশোধনাগারগুলো এই প্রস্তুতি নিচ্ছে।

ভারত ও চীন রাশিয়ার সী-বর্ন অশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা| রাশিয়ার ইউক্রেইন আক্রমণের পর ইউরোপে বিক্রি কমে যাওয়ায় দেশটি তেলের দাম কমিয়ে দেয়, আর ভারত ও চীন হয়ে ওঠে রাশিয়ার সমুদ্রপথে পাঠানো অশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা।

সূত্রগুলো জানায়, নভেম্বরের অর্ডার ইতোমধ্যে দেওয়া থাকায় ডিসেম্বর থেকেই রাশিয়া থেকে ভারতীয় পরিশোধনাগারগুলোর তেল কেনা কমতে পারে । যদিও সরকার আনুষ্ঠানিকভাবে তাদেরকে রাশিয়ার তেল কেনা বন্ধের নির্দেশ দেয়নি।

ওদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় অংশ নিতে ভারতীয় কর্মকর্তারা ওয়াশিংটনে রয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে।

 মার্কিন আলোচকরা বলেছেন, রাশিয়ার তেল আমদানি কমানোটা ভারতের জন্য এই শুল্কহার কমানো এবং বাণিজ্য চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি খাতে গভীর সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে আলোচনা চলছে।”

হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি খুশি ছিলাম না যে, ভারত রাশিয়ার তেল কিনছে। মোদী আজ আমাকে আশ্বস্ত করেছেন, তারা আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটি বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই পথে আনব।”

বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। বাণিজ্যিক তথ্যানুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ভারতের তেল আমদানির ৩৬ শতাংশই এসেছে রাশিয়া থেকে, দৈনিক প্রায় ১৭ লাখ ৫০ হাজার ব্যারেল। 

অক্টোবর মাসে এ হার আরও বেড়ে ১৯ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে বলে জানায় গবেষণা সংস্থা কেপলার। তবে মস্কো বলছে, ভারতের সঙ্গে জ্বালানি সম্পর্ক নিয়ে তারা এখনও আত্মবিশ্বাসী।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নভাক বলেন, “আমাদের জ্বালানি সম্পদের চাহিদা আছে, এটি অর্থনৈতিকভাবে লাভজনক ও কার্যকর। আমি নিশ্চিত, ভারত আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।”

ভারতের মাঙ্গালোর রিফাইনারিজ অ্যান্ড পেট্রোকেমিক্যালস জানিয়েছে, তারা ছাড়মূল্যে বিক্রি হওয়া বিকল্প উৎস খুঁজছে, তবে সুযোগ থাকলে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে।