২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইরানের মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, কয়েকটি ফ্রন্ট কোম্পানি এবং ১৯টি জাহাজের ওপর এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এবার ইরানের মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 12:53 AM

Updated : 26 Aug 2026, 03:39 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন মঙ্গলবার ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ দফায় ইরানের একটি বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, কয়েকটি দেশে ইরানের ব্যবহার করা ফ্রন্ট কোম্পানি এবং তেল ও পেট্রোকেমিক্যাল পরিবহনে ব্যবহার হওয়া ১৯টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় জানিয়েছে, ইরানভিত্তিক ‘আমিন এক্সচেঞ্জ’ (ইব্রাহিমি অ্যান্ড অ্যাসোসিয়েটস পার্টনারশিপ কোম্পানি নামেও পরিচিত) এর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই এক্সচেঞ্জ সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংসহ বিভিন্ন দেশে একাধিক ফ্রন্ট কোম্পানির বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন পরিচালনা করছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

তাছাড়া ইরানের মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলো ইরানি ব্যাংকের পক্ষ থেকে বছরে শত শত কোটি ডলারের বৈদেশিক মুদ্রা লেনদেন পরিচালনা করে থাকে বলে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরান সরকারকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় প্রবেশ করতে সহায়তা করছে। তাছাড়া, বিভিন্ন দেশে থাকা ফ্রন্ট কোম্পানিগুলো ইরানি ব্যাংকের পক্ষ থেকে শত শত মিলিয়ন ডলারের আর্থিক লেনদেন তদারকি করছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, “ইরানের ছায়া (শ্যাডো) ব্যাংকিং ব্যবস্থা অবৈধভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নে ভূমিকা রাখছে।”

নিষেধাজ্ঞাকবলিত প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ হবে এবং তাদের সঙ্গে মার্কিনিদের ব্যবসা নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় ‘আমিন এক্সচেঞ্জ’-কে সহায়তা করা ফ্রন্ট কোম্পানিগুলোর মধ্যে রয়েছে:

চীনের নিংবো জিয়ারুই ট্রেডিং, হংকংভিত্তিক স্টারশাইন পেট্রোকেমিক্যাল করপোরেশন লিমিটেড, ভিগোরাস ট্রেডিং লিমিটেড, বেস্টফরচুনা কোম্পানি লিমিটেড, চেংপান কোম্পানি লিমিটেড এবং সংযুক্ত আরব আমিরাতের বোল্ড ট্রেডিং এফজেডই, ম্যাটেরিয়াম গ্রুপ এফজেডই।

এছাড়া, বার্বাডোজ পতাকাবাহী ‘গ্রেট সেইল’, পলাও নিবন্ধিত ‘ওশান ওয়েভ’ এবং পানামা নিবন্ধিত ‘সুইফট ফ্যালকন’ জাহাজগুলো নিষেধাজ্ঞার তালিকায় আছে।