গাজায় গণহত্যা রোধে জাতিসংঘ ত্রাণপ্রধানের আহ্বানে ক্ষুব্ধ ইসরায়েল
তেল আবিব আড়াই মাস আগে ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ায় ফিলিস্তিনি এ ভূখণ্ডে দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
গাজা ভূখণ্ডে ‘গণহত্যা রোধে’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা বৈশ্বিক সংস্থাটির ত্রাণ বিষয়ক প্রধানের এ জিজ্ঞাসা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল।
ইসরায়েল আড়াই মাস আগে ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ায় ফিলিস্তিনি এ ভূখণ্ডে দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
তার মধ্যেই দিনকয়েক আগে জাতিসংঘের ত্রাণপ্রধান টম ফ্লেচার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ব্রিফিংয়ে বলেন, “গণহত্যা রোধ করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে আপনারা কি দৃঢ় পদক্ষেপ নেবেন?”
এর প্রতিক্রিয়ায় শুক্রবার ফ্লেচারকে লেখা এক চিঠিতে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডেনন জাতিসংঘের ত্রাণপ্রধানের বিরুদ্ধে ‘রাজনৈতিক উপদেশ’ দেওয়া এবং ‘গণহত্যা’ শব্দটিকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনেন। ইসরায়েল যাকে অভিযোগ হিসেবে দেখে, সে বিষয়ে কোন কর্তৃত্ববলে ফ্লেচার এ ধরনের মন্তব্য করলেন সেই প্রশ্নও তোলেন ইসরায়েলি রাষ্ট্রদূত।
“জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনার কী দুঃসাহস, আপনি কোনো প্রমাণ, এখতিয়ার বা রাখঢাক ছাড়াই নিরাপত্তা পরিষদের সামনে দাঁড়িয়ে গণহত্যার অভিযোগ এনেছেন। এটি চরম অনুপযুক্ত ও অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন একটি বক্তব্য, যা নিরপেক্ষতার যে কোনো ধারণাকেই ভেঙে চুরমার করে দেয়,” লিখেছেন ডেনন।
রয়টার্স বলছে, আন্তর্জাতিক আইনে ‘গণহত্যা’ হলো কোনো দেশ, জাতি, বর্ণ বা ধর্মীয় সম্প্রদায়কে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়। এর মধ্যে হত্যাকাণ্ড, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতিসাধন, এবং এমন জীবনযাপনের শর্ত আরোপ যা ওই গোষ্ঠীর বিনাশ নিশ্চিত করে এমন সব কর্মকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে।
শুক্রবারই ডেননকে লেখা পাল্টা চিঠিতে ফ্লেচার বলেছেন, “আমি আন্তরিকভাবে জাতিসংঘ সনদ এবং মানবিকতা, স্বতন্ত্রতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার ভিত্তিতে কাজ করার যে বাধ্যবাধকতা তাতে বিশ্বাস রাখি। আর অবশ্যই, আমরা যা প্রত্যক্ষ করি এবং যেটি জানানো আমাদের দায়িত্ব—তা সৎভাবে তুলে ধরাও আমাদের কর্তব্য।”
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস এক হাজার ২০০ জনকে হত্যা ও আড়াইশ জনকে জিম্মি করার পর তেল আবিব গাজায় সর্বাত্মক যুদ্ধে নামে। এরপর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইসরায়েল হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ আনলেও ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠী তা অস্বীকার করে আসছে।
সব জিম্মিকে ছেড়ে দিতে হামাসের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে তেল আবিব গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ সরবরাহও বন্ধ করে দিয়েছে।
ভূখণ্ডটির ৫ লাখ মানুষ এখন অনাহারের মুখে রয়েছে বলে গত সোমবার বৈশ্বিক একটি ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা সতর্ক করেছিল।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ‘গাজায় অসংখ্য মানুষ অনাহারে দিন কাটাচ্ছে’ বলে মন্তব্য করেছেন।
ইসরায়েলকে এ অবরোধ তুলে নিতে অনুরোধ জানিয়েছেন ফ্লেচার। ডেননকে তিনি বলেছেন, ত্রাণবাহী ৯ হাজার ট্রাক, যার অর্ধেকই খাবার বহন করছে—গাজায় ঢোকার জন্য প্রস্তুত। এ সব ট্রাকই ইসরায়েলের সামরিক বাহিনীর ত্রাণ সমন্বয়ের দায়িত্বে থাকা সংস্থা কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট একটিভিটিজ ইন দ্য টেরিটোরিজের (সিওজিএটি) নিরাপত্তা ছাড়পত্র পেয়েছে।
“বেসামরিক নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণে গোছানো পরিকল্পনা রয়েছে আমাদের। এর মধ্যে হামাস যেন ত্রাণ আত্মসাৎ করতে না পারে তা নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। ব্যাপক পরিসরে ত্রাণ পৌঁছে দেওয়ার সক্ষমতা যে আমাদের আছে, সেটা যুদ্ধবিরতির সময় আমরা দেখিয়েছি।
“দয়া করে, আমাদেরকে আমাদের কাজ করতে দিন,” বলেছেন ফ্লেচার।
