২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ জানালেন কমলা হ্যারিস

জর্জিয়ার নির্বাচনি প্রচারসভায় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পকে এ চ্যালেঞ্জ জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। নতুন জরিপে দেখা যাচ্ছে, আবারও জনসমর্থনে ট্রাম্পকে পেছনে ফেলেছেন হ্যারিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 12:27 AM

Updated : 26 Aug 2026, 10:08 AM

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে নির্বাচনি বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হতে চলা কমলা হ্যারিস। মঙ্গলবার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে এক নির্বাচনি প্রচারসভায় হ্যারিস বিতর্কের মঞ্চে তাকে মোকাবেলা করার এই চ্যালেঞ্জ জানান ট্রাম্পকে।

প্রচারণাসভার মঞ্চে দাঁড়িয়ে হ্যারিস বলেন, “নির্বাচনি দৌড়ের গতি-প্রকৃতি বদলে যাচ্ছে। ট্রাম্পও তা অনুধাবন করতে পারছেন সে লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বিতর্ক করবেন না। কিন্তু তিনি ও তার রানিং মেটের আমার সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু বলার আছে। ডনাল্ড, আমি আশা করি আপনি বিতর্কের মঞ্চে আমার মুখোমুখি দাঁড়ানোর কথা বিবেচনা করবেন। কারণ কথায় আছে, আপনার যদি কিছু বলার থাকে, আমার সামনে বলুন।”

বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর পর জর্জিয়ায় এই প্রথম প্রচারসমাবেশে গেছেন হ্যারিস। ডেমোক্র্যাটিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি আটলান্টা। হ্যারিসের প্রচারসভায় সেদিন উপস্থিত ছিলেন প্রায় ১০ হাজারের বেশি মানুষ। প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যের ভোটের গুরুত্ব অনেক।

শনিবার ট্রাম্পেরও আটলান্টায় প্রচারসমাবেশ করার কথা রয়েছে একই জায়গায় যেখানে হ্যারিস প্রচার চালাচ্ছেন। 

একমাস আগে প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতার সময়ে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের জয় পাওয়ার আশা আনেকটাই ফিকে মনে হচ্ছিল। কিন্তু এখন বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, বাইডেন সরে গিয়ে সেই জায়গায় কমলা হ্যারিস আসার পর এমন এক নতুন শক্তি সঞ্চার হয়েছে, যা সবকিছুই বদলে দিতে পারে।

নির্বাচনের আগে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দল ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টির দুই প্রার্থীর তিন দফা মুখোমুখি বিতর্ক হওয়ার কথা। 

এর মধ্যে প্রথম বিতর্কটি হয়েছে গত ২৭ জুন। ডনাল্ড ট্রাম্পের বিপরীতে তখন বিতর্কে ছিলেন জো বাইডেন। আগামী ১০ সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল দ্বিতীয় বিতর্ক।

বাইডেন সরে যাওয়াতে বিতর্কে অংশ নেওয়ার কথা কমলা হ্যারিসের। বাইডেন থাকার সময়ে ট্রাম্প তার সঙ্গে দ্বিতীয় বিতর্কে রাজি হয়েছিলেন। তখন তিনি এও বলেছিলেন যে, আরও বিতর্ক হলেও ভাল হয়।

কিন্তু হ্যারিস আসার পর ট্রাম্প আর কোনও বিতর্ক করার ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দেননি। ট্রাম্পের  এই  গড়িমসিকে   ‘পিছু হটা’   বলেই   অভিহিত   করেছেন  হ্যারিস।

বাইডেন সরে যাওয়ার পর ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে, তিনি বিতর্ক করার বিষয়টি নতুন করে ভেবে দেখছেন। ট্রাম্প তখন বলেছিলেন, বিতর্কটি এবিসি নিউজ থেকে ফক্স নিউজে নিয়ে যাওয়া উচিত। কারণ সেখানকার  প্রাইম-টাইম হোস্টরা ট্রাম্প-বান্ধব।

পরে ফক্স নিউজ ১৭ সেপ্টেম্বরে বিতর্ক করার প্রস্তাব দেয়। কিন্তু এ সপ্তাহে এক সাংবাদিককে ট্রাম্প জানান, তিনি কোনওটিতেই রাজি নন। 

ট্রাম্প এখনও বিতর্ক করার বিষয়ে কোনও প্রতিশ্রুতি না দেওয়ায় হ্যারিস তার নির্বাচনি ভাষণে তাকে বিতর্কে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানালেন।

এর আগে স্যোশাল মিডিয়া এক্সেও এক পোস্টে তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন, “কোথায় গেল আপনার যে কোনও সময় যে কোনওখানে?”- (যে কথাটি বাইডেন থাকার সময়ে তার সঙ্গে বিতর্কের বিষয়ে বলেছিলেন ট্রাম্প)

সাম্প্রতিক জনমত জরিপে আবারও দেখা যাচ্ছে ট্রাম্পের চেয়ে জনসমর্থনের দিক থেকে এগিয়ে গেছেন কমলা হ্যারিস। 

রয়টার্স/ইপসোসের নতুন এক জরিপে দেখা গেছে ৪৩ শতাংশ নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন হ্যারিস। আর ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ সমর্থন। অর্থাৎ এক শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেছেন হ্যারিস।

সূত্র: বিবিসি/সিবিএস নিউজ/নিউ ইয়র্ক টাইমস