২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ শর্তের বেশির ভাগ মেনে নিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

গত সপ্তাহেই পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। সেগুলোর বিষয়ে ইরান এখনও তাদের অবস্থান জানায়নি। তার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই দাবি করলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 05:46 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা শর্তের বেশির ভাগই মেনে নিয়েছে ইরান- এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

গত সপ্তাহেই পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাব পেয়েছে বলে নিশ্চিত করে জানায় ইরানও। দেশটি জানিয়েছিল, তারা ওই প্রস্তাব পর্যালোচনা করে দেখছে। 

তবে প্রস্তাবগুলোর বিষয়ে ইরান তাদের অবস্থান প্রকাশ্যে ঘোষণা করেনি। এর মধ্যেই ট্রাম্প দাবি করলেন, প্রস্তাবগুলোর বেশির ভাগই ইরান মেনে নিয়েছে। 

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, তারা (ইরান) আমাদের দাবিগুলোর বেশির ভাগই মেনে নিয়েছে। আর মানবে না-ই বা কেন?”

যদিও কোন কোন শর্তে ইরান রাজি হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি বলেন, ইরানের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষো আলোচনা এবং প্রত্যক্ষ আলোচনা উভয়ই খুব ভাল চলছে।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ১৫টি বিষয়ের কথা বলেছিল। সেই বিষয়গুলো ছাড়াও আরও কয়েকটি বিষয় প্রস্তাবে রয়েছে। সেগুলো এখনও আলোচনাধীনে আছে। 

এর মধ্যে আছে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সীমিত করা, ছায়াগোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করা এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া।

এর আগে গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের কাছ থেকে তিনি উপহার পেয়েছেন। তবে কী উপহার তিনি পেয়েছেন ইরানের কাছ থেকে, তা ওই সময়ে প্রকাশ করেননি ট্রাম্প।

এবার সাংবাদিকদের ট্রাম্প জানালেন, যুক্তরাষ্ট্রকে তেল পাঠাচ্ছে ইরান। আলোচনায় সমঝোতার জন্য নিজেদের আন্তরিকতা বোঝাতে আগামিকাল থেকেই ইরান ২০ টি নৌকাবোঝাই তেল সরবরাহ শুরু করবে বলে দাবি করেন তিনি।