জিম্মি মুক্তি দিতে হলে গাজায় যুদ্ধবিরতি দরকার: হামাস
যুদ্ধের প্রথম দিন থেকেই বেসামরিক বন্দিদের মুক্তি দেওয়ার ইচ্ছা হামাস প্রকাশ করেছে জানিয়ে গোষ্ঠীটির এক কর্মকর্তা বলেছেন, এ কাজ সম্পন্ন করতে শান্ত পরিবেশ প্রয়োজন।
হামাস যোদ্ধাদের হাতে বন্দি জিম্মিদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে গাজায় যুদ্ধবিরতি হওয়া দরকার বলে জানিয়েছেন গোষ্ঠীটির এক কর্মকর্তা।
ইসরায়েল বলেছে, তারা একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলো এই অভিযান শুরু করতে বিলম্বের আহ্বান জানিয়ে আসছে। কারণ, এমন অভিযানে ঘন জনবসতিপূর্ণ গাজায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে এবং যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে।
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালানোর পর থেকেই ইসরায়েল এর পাল্টা জবাবে গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে। মাঝে মাঝে সীমিত আকারে স্থল অভিযানও চালাচ্ছে তারা। হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের খুঁজে বের করে তাদের উদ্ধার করা ইসরায়েলের লক্ষ্য।
হামাস গত ৭ অক্টোবরের হামলায় চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি ২২৪ জন ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে গিয়ে জিম্মি করে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
গাজা থেকে এই জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টায় আছে ইসরায়েল। গাজায় যে স্থল অভিযান চালানোর ছক কষছে ইসরায়েলি বাহিনী সেটি এখনও তারা শুরু করেনি। তবে বুধবার রাতে ট্যাংক নিয়ে চালানো হামলা পরবর্তী ধাপের যুদ্ধ শুরুরই প্রস্তুতি বলে জানিয়েছে ইসরায়েল।
শুক্রবার প্রকাশিত এক জরিপের ফলে দেখা গেছে, হামাসের হাতে জিম্মিদের সুরক্ষার কথা মাথায় রেখে ইসরায়েলিদের অর্ধেকই এখন গাজায় স্থল অভিযান না চালানোর পক্ষে মত দিয়েছে।
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই রাশিয়া গেছে হামাসের একটি প্রতিনিধি দল। গাজায় বন্দি রুশ নাগরিকসহ বিদেশি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার মস্কোতে যায় দলটি। এই প্রতিনিধিদলের এক সদস্য বলেন, ইসরায়েল থেকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো যাদেরকে গাজায় বন্দি করে নিয়ে গিয়েছিল তাদের সবাইকে খুঁজে বের করে মুক্তি দিতে কিছু সময় প্রয়োজন।
হামাসের প্রতিনিধি দলের সদস্য আবু হামিদ বলেছেন, হামাস এপর্যন্ত চার জিম্মিকে মুক্তি দিয়েছে। তাছাড়া যুদ্ধের প্রথম দিন থেকেই বেসামরিক বন্দিদের মুক্তি দেওয়ার ইচ্ছা হামাস প্রকাশ করেছে। তবে তিনি বলেন, এই কাজ সম্পন্ন করতে শান্ত পরিবেশ প্রয়োজন।
গাজায় ইসরায়েলের বিমান হামলায় জিম্মিদের প্রায় ৫০ জনই নিহত হয়েছে বলে কাসাম ব্রিগেডের দাবিও পুনর্ব্যক্ত করেছেন হামিদ। যে দাবি যাচাই করে দেখতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের অবিরাম হামলায় এখন পর্যন্ত গাজায় ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সাঁজোয়া ট্যাংক ও বুলডোজারের বহর নিয়ে সীমানা পেরিয়ে গাজার বিভিন্ন স্থানকে নিশানা করে বুধবার রাতজুড়ে হামলাও চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র বৃহস্পতিবার দাবি করেন যে, তাদের কাছে বন্দি থাকা অন্তত ৫০ জন ইসরায়েলি নিজ দেশেরই বোমা হামলায় মারা গেছে।
