মার্কিন হাউজ স্পিকার ম্যাককার্থিকে উৎখাতের চেষ্টা রিপাবলিকান সদস্যের
পদ শূন্য ঘোষণার প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য দুদিন সময় রয়েছে স্পিকারের হাতে।
নিজ দলের এক আইনপ্রণেতার কারণে পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাককার্থি।
ফ্লোরিডা থেকে নির্বাচিত ম্যাট গেটজ সোমবার স্পিকারের চেয়ার শূন্য ঘোষণার একটি প্রস্তাব তোলেন। ইতিহাসে প্রথমবারের মত এমন প্রস্তাবের কারণে এখন স্পিকারের পদে থাকা নিয়ে ভোটাভুটির প্রয়োজন হতে পারে।
ম্যাককার্থির প্রতি এই চ্যালেঞ্জ শেষ পর্যন্ত কী ফল আনবে তা এখনও স্পষ্ট না হলেও স্পিকার হিসেবে এবারই প্রথম তিনি বড় ধরনের হুমকির মুখে পড়েছেন। তাকে সরাতে হলে প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন হবে। তবে এ ধরনের প্রস্তাবে স্পিকারের অপসারণের কোনো নজির যুক্তরাষ্ট্রে নেই।
ডানপন্থি ম্যাট গেটজের প্রস্তাবের পর চ্যালেঞ্জ গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান ম্যাককার্থি লিখেছেন, ‘তাহলে শুরু করুন’। জবাবে গেটজও লিখেছেন, ‘মাত্রই শুরু করেছি’।
সরকারের অচলাবস্থা এড়াতে স্বল্পমেয়াদী তহবিল অনুমোদনের জন্য গত সপ্তাহে একটি বিল পাসের ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন স্পিকার ম্যাককার্থি। তার পর থেকেই এ দুই রিপাবলিকানের মধ্যে উত্তেজনা বাড়ে।
স্পিকারের পদ শূন্য ঘোষণার প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য দুদিন সময় রয়েছে স্পিকারের হাতে। তবে ওই প্রক্রিয়া থামাতে আইনের ফাঁক ব্যবহারের সুযোগ আছে।
মার্কিন প্রেসিডেন্টের উত্তরসূরী হিসেবে ভাইস-প্রেসিডেন্টের পরই স্পিকারের অবস্থান। তিনি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আইন প্রনয়ণে অগ্রাধিকার, কমিটির কার্যভার নিয়ন্ত্রণ ও হোয়াইট হাউজের এজেন্ডা তৈরি বা ভাঙতেও পারেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখা ও শাটডাউন এড়াতে শনিবার একেবারে শেষ মুহূর্তে কংগ্রেসে ‘স্টপ-গ্যাপ ফান্ডিং’ বিল পাস হয়। ইউক্রেইনের জন্য ৬০০ কোটি ডলারের একটি তহবিলও বাদ দেওয়া হয়। কারণ ম্যাট গেটজ ও অতিরক্ষণশীলরা দাবি তোলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেইনে অনেক বেশি ব্যয় করছে।
গেটজ সোমবার অভিযোগ করেন, আলাদা আইনে ইউক্রেইনের জন্য নতুন তহবিল গঠনে হোয়াইট হাউজের সঙ্গে গোপন চুক্তি করছেন স্পিকার ম্যাককার্থি। তবে অভিযোগ অস্বীকার করে স্পিকার বলেন, “ইউক্রেইনের জন্য কোনো আলাদা চুক্তি হচ্ছে না।”
স্পিকারের পদ শূন্য ঘোষণার প্রস্তাব তোলার পর গেটজ সাংবাদিকদের বলেন, “আমার সঙ্গে রিপাবলিকানদের পর্যাপ্ত সমর্থন আছে। আগামী সপ্তাহে দুটি ঘটনার একটি ঘটবে। কেভিন ম্যাককার্থি হাউজ স্পিকার থাকবেন না, অথবা তিনি ডেমোক্র্যাটদের সন্তুষ্টির জন্য স্পিকার থাকবেন। আমি উভয়ক্ষেত্রেই খুশি, কারণ আমেরিকানদের কারা শাসন করে তা জানার অধিকার তাদের আছে।” সংবাদসূত্র: সিএনএন, বিবিসি
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:
