অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় ধর্মঘটে নিউ ইয়র্ক টাইমস কর্মীরা
মালিক পক্ষের সঙ্গে ইউনিয়নের নেতাদের কয়েক দফা বৈঠক হলেও সমস্যার সমাধান না হওয়ায় ২৪ ঘণ্টার ওয়াকআউটের সিদ্ধান্ত নেন নিউ ইয়র্ক টাইমস এর কর্মীরা।
বেতন বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য ও অবসর ভাতাসহ আরও কিছু সুবিধার দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট (ওয়াকআউট) কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টইমসের কর্মীরা।
নিউ ইয়র্ক টাইমসের অনলাইন ভার্সনে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় এ খবর প্রকাশ করা হয়।
ইউক্রেইন যুদ্ধ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নানা কারণে সারা বিশ্বেই জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রেও তার ধাক্কা লেগেছে এবং এর জেরে দেশটিতে শ্রমিক অসন্তোষ বাড়ছে।
অধিক বেতন-ভাতার দাবিতে সেই ১৯৭০ এর দশকে নিই ইয়র্ক টাইমসের কর্মীরা ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকে ছিলেন। তারপর এত বড় ধর্মঘট আর দেখা যায়নি।
পত্রিকাটির প্রতিবেদক এবং সম্পাদকরা বৃহস্পতিবার এ ধর্মঘট শুরু করেন। তারা বলেন, কোম্পানি এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত আলোচনায় সীমিত অগ্রগতিই দেখা গেছে।
এগারশ’র বেশি কর্মী ধর্মঘটের অঙ্গীকার নামায় সই করেছেন।
বার্তাকক্ষ, বিজ্ঞাপন বিভাগ এবং অন্যান্য বিভাগের প্রায় ১৪৫০ জন কর্মীর পক্ষে ইউনিয়ন থেকে মালিক পক্ষের সঙ্গে নানা সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে দর কষাকষি চলছে। যার মধ্যে বেতন বৃদ্ধি, স্বাস্থ্য ও অবসর ভাতা সংক্রান্ত সুবিধা এবং আরো বেশ কিছু দাবি-দাওয়া হয়েছে।
এ নিয়ে এর আগে উভয় পক্ষের কয়েক দফা বৈঠক হলেও তাতে কোনো সমাধান পাওয়া যায়নি। যে কারণে বৃহস্পতিবার কর্মীরা ধর্মঘট শুরু করেন।
এর আগে বুধবার সন্ধ্যায় ইউনিয়নের পক্ষ থেকে এক বিবৃতিতে ধর্মঘটের ঘোষণা দিয়ে বলা হয়, ‘‘তারা (কোম্পানি) মজুরির যে প্রস্তাব দিয়েছে সেটি এ মুহূর্তের অর্থনৈতিক চাপ সামাল দিতে ব্যর্থ, চলমান মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের গড় মজুরি হার উভয়ের চেয়েও তা অনেক পিছিয়ে।”
‘দ্য টাইমস’ এর বার্তা কক্ষে আটারশ’র বেশি মানুষ কাজ করেন।
বৃহস্পতিবারের ধর্মঘট নিয়ে হতাশা প্রকাশ করে দ্য টাইমসের নির্বাহী সম্পাদক জো কান বার্তাকক্ষে পাঠানো এক নোটে বলেন, ‘‘সাধারণত আলোচনায় যখন অচলাবস্থার সৃষ্টি হয় তখন ধর্মঘট করা হয়। আজ আমরা যেখানে আছি সেটা ধর্মঘটে যাওয়ার মত পরিস্থিতি নয়।
‘‘কোম্পানি এবং নিউজগিল্ড এখনো বেশ কয়েকটি বিষয়ে মতপার্থক্যে থাকা সত্ত্বেও আমাদের আলোচনা চলছে এবং একটি চুক্তির দিকে আমরা অগ্রসর হচ্ছি।”
